: হাসপাতাল চত্বরের খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধের দেহ উদ্ধার, চাঞ্চল্য বসিরহাটে। উত্তর ২৪ পরগনার বসিরহাটে চাঞ্চল্যকর ঘটনায় হাসপাতাল চত্বরের ভিতর দিয়ে বয়ে যাওয়া একটি সরু খাল থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বরুণ বৈদ্য (৬৫)। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট জেলা হাসপাতালের ভিতর দিয়ে বয়ে যাওয়া খালে এদিন একটি বস্তা ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা বস্তাটি তীরে নিয়ে আসেন। পরে বস্তার মুখ খুলতেই ভিতরে এক ব্যক্তির দেহ দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি বসিরহাট জেলা হাসপাতালের পিছন এলাকার বাসিন্দা বরুণ বৈদ্য। পরিবারের দাবি, গতকাল থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-পরিজন ও এলাকার মানুষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালানোর পাশাপাশি বসিরহাট থানায় একটি নিখোঁজ ডায়েরিও দায়ের করেছিলেন।
এদিন সকালেও পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তাঁর সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ চালাচ্ছিলেন। এরই মধ্যে হাসপাতাল চত্বরের খাল থেকে বস্তাবন্দি দেহ উদ্ধারের খবর সামনে আসে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দেহটি বরুণ বৈদ্যের বলে শনাক্ত করেন। ঘটনার পর থেকেই এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিরোধের জেরে এই খুন হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়দের একাংশ।
তবে খুনের প্রকৃত কারণ কী, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে দেহটি খালে ফেলা হল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।