আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টি বাড়লেই হাওড়া পুরসভা এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা ছিল। শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে হাওড়া শহর এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। বিপর্যস্ত হয় জনজীবন।
এ দিন সকালেই হাওড়ার টিকিয়াপাড়া, সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া ও শিবপুর এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। নিচু যে সব এলাকা আছে, সেখানে কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সময় জল দাঁড়িয়ে যায়। বেশিরভাগ রাস্তাঘাট জল থৈ থৈ করছে।
হাওড়া পুরসভার দায়িত্বে থাকা রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই জানান, রাস্তায় জল জমে আছে। তবে পাম্প চালিয়ে জল দ্রুত নামানোর চেষ্টা করছেন। মন্ত্রীর বক্তব্য, ‘বৃহস্পতিবার কেএমডিএর পক্ষ থেকে একটি নির্দেশ জারি হয়েছে। দুই-একদিনের মধ্যে শুরু হবে খাল সংস্কারের কাজ। যাতে জমে থাকা জল দ্রুত নেমে যায়।’ খাল সংস্কারের কাজ শেষ হলে বর্ষা বাড়লেও জলনিকাশির সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হওয়ায় তার প্রভাব পড়ছে গোটা পশ্চিমবঙ্গেই। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।