‘বিদ্রোহী’ বিধায়কদের কীর্তিতে আরও চাপে মমতার তৃণমূল
আজকাল | ২০ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের ভাঙন চলছেই। এরই মাঝে আরও চাপে পড়ল রাজ্যের প্রাক্তন শাসকদল। দলের বিদ্রোহী গোষ্ঠীর তরফ থকে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি করা হল। বৃহস্পতিবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে দলীয় তহবিলে কোটি কোটি টাকা জমা রয়েছে যার কোনও হিসেব নেই। সেই আশঙ্কা প্রকাশ করে শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বিদ্রোহী তৃণমূল গোষ্ঠী তথা ঋতব্রতপন্থী ১০ জন বিধায়ক।
জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের কাছে অভিযোগে জানিয়েছেন। তিনি লিখেছেন, “অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক বেআইনি অর্থ আদায়-সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ থেকে আয়ের অর্থ, কলকাতার সেন্ট্রাল প্লাজা শাখার এইচডিএফসি ব্যাঙ্কের ৫০২০০০০৫৯১০৮৩২২, ৫০২০০০০৬৩০৭৯০৪৭, ৫০২০০০০৬৩০৭৯০৩৪ নম্বরের অ্যাকাউন্টে পাঠানো এবং পরবর্তীতে জমা করা হতে পারে। এই ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেনের ধরণ থেকে যুক্তিসঙ্গত আশঙ্কা তৈরি হয়েছে যে, এই অর্থ স্থানান্তর এবং সম্ভাব্য গোপনীয়তা রক্ষার জন্য ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন ব্যাঙ্কিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকতে পারে।”
বিশ্বনাথ আরও লিখেছেন, “যদিও অর্থের উৎস, জড়িত সকল ব্যক্তির পরিচয় এবং লেনদেনের সঠিক ক্রম সম্পর্কে সম্পূর্ণ বিবরণ বর্তমানে আমার সরাসরি জানা নেই, পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে উক্ত অর্থের উৎস, গতিবিধি এবং গন্তব্য নিশ্চিত করার জন্য বিষয়টির অবিলম্বে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারও কলকাতার সেন্ট্রাল প্লাজা শাখার এইচডিএফসি ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ দাবি করেন, দলের অন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে এবং নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা রয়েছে। তহবিলের অপব্যবহার রুখতে লেনদেন বন্ধ রাখা জরুরি। এবার বেআইনি লেনদেন আশঙ্কায় পুলিশের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানালেন বিধায়করা।