আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে কলকাতা বিমানবন্দরের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি। শুক্রবার রাতে দিল্লি থেকে বিমানে কলকাতা ফিরবেন অভিষেক।
জানা গিয়েছে, অভিষেককে ডিম ছোঁড়ার পরিকল্পনা নিয়ে বিমানবন্দরের গেটের বাইরে উপস্থিত হন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে,ভিড় জমান তৃণমূল সমর্থকরাও। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
অভিষেক কলকাতা নামার আগেই বিমানবন্দরের বাইরে দু'পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দরের বাইরে দু'দলের কর্মী এবং সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন।
অভিষেক কলকাতা নামার আগেই ব্যাপক উত্তেজনা ছড়ায় বিমানবন্দর চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ঝামেলা এড়াতে বিমানবন্দরের অন্য গেট দিয়ে বের করা হয় অভিষেককে।
এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল 'বিজেপির গুন্ডা।'
উল্লেখ্য, এদিন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন তৃণমূল সাংসদ।শুক্রবার কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, ডেরেক ও ব্রায়েনকে সঙ্গে নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক।