• ফের চাটার্ড বিমানে অভিষেক, তোপ দাগলেন কুণাল
    আজকাল | ২০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলে প্রবল ডামাডোল। দল ক্রমশ ভাঙছে। এসবের মধ্যেই চাটার্ড বিমানে কলকাতা থেকে দিল্লি গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যা নিয়ে জোর বিতর্ক। প্রশ্ন উঠছে মমতাপন্থী তৃণমূলের অন্দরেই। অভিষেকের চাটার্ড বিমানে দিল্লি যাওয়া নিয়ে শুক্রবার মুখ খুললেন কুণাল ঘোষ। দলের বিধায়ক তথা তৃণমূলের কলকাতা উত্তরের সভাপতির মন্তব্যে অস্বস্তি বাড়ল কালীঘাটপন্থী তৃণমূলের মাথাদের।

    তৃণমূলের লোকসভার ২০ জন সাংসদ ইতিমধ্যেই এনসিপিআই-তে। দলের মধ্যে পৃথক ব্লক নিয়ে আলোচনার জন্য স্পিকার এম বিড়লার সঙ্গে আলোচনায় বসতে সময় চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি। শুক্রবার সময় দিয়েছেন লোকসভার স্পিকার। সেই ডাকে সাড়া দিয়েই দিল্লি পৌঁছেছেন তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড'। তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদদের গতিপ্রকৃতি নির্ধারণে এদিনের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। 

    জানা গিয়েছে কলকাতা থেকে প্রচুর খরচ করে চাটার্ড বিমানে দিল্লি গিয়েছেন অভিষেক ব্যানার্জি। যা নিয়ে এদিন বিধানসভায় চাঁচাছোলা কুণাল ঘোষ। তিনি সাফ বলেন, "আমি বলতে পারব না অভিষেক ব্যানার্জি চার্টার্ড বিমানে গিয়েছেন নাকি সাধারণ বিমানে দিল্লি গিয়েছেন। তবে, তিনি যদি চার্টার্ড বিমানে গিয়ে থাকেন এবং সেই বিমানের ভাড়া যদি দলের তহবিল থেকে খরচ হয়, তাহলে দলীয় কর্মী হিসেবে সেটাকে আমি কোনওভাবেই সমর্থন করছি না।" 

    কুণাল আরও বলেন, "অবশ্য তিনি (অভিষেক ব্যানার্জি) যদি অন্য কারও চার্টার্ড বিমানের সফরসঙ্গী বা কো-প্যাসেঞ্জার হয়ে গিয়ে থাকেন, তবে সে ক্ষেত্রে আমাদের তো কিছু বলার থাকে না।"

    ভোটে তৃণমূলের ধরাশায়ী হওয়ার দায় অভিষেক ব্যানার্জির কাঁধে চাপিয়ে 'বিদ্রোহী' দলের শীর্ষ নেতৃত্বের একাংশ। দলে ভাঙন ধরেছে। একদা অভিষেককে 'সেনাপতি' বলতের কুণাল। সূত্রের খবর, বর্তমানে অবশ্য সংগঠনের একাধিক বৈঠকে তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড'কে নিশানা করেছেন বেলেঘাটার বিধায়ক। যা নিয়ে চর্চা কম হয়নি। সেই কুণাল ঘোষই ফের একবার অস্বস্তি বাড়ালেন মমতা-অভিষেকদের। 

     
  • Link to this news (আজকাল)