• পৌরসভার আবাসনেই জরুরি পথ বন্ধ, চরম আতঙ্কের অবসান চেয়ে এককাট্টা বাসিন্দারা
    News18 বাংলা | ২০ জুন ২০২৬
  • ব্যক্তিগত বাড়ি বা বহুতল নয়, এবার পৌরসভার নির্মিত আবাসনেই উঠল অবৈধ নির্মাণের অভিযোগ। জরুরি প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারার আশঙ্কায় চরম উদ্বেগে রয়েছেন আবাসিকরা। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মালদহের জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ঘটনাটি ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া ভবানী মোড় এলাকার সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন ওয়েলফেয়ার সোসাইটির। প্রায় দুই দশক আগে ইংরেজবাজার পৌরসভা এই আবাসন নির্মাণ করে।

    আবাসিকদের অভিযোগ, অনুমোদিত নকশা অনুযায়ী আবাসনের দক্ষিণ দিকে ১০ ফুট চওড়া একটি রাস্তা, গেট এবং সিঁড়ি ছিল, যা জরুরি পরিস্থিতিতে দমকল ও অ্যাম্বুলেন্স চলাচলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু প্রায় আট বছর আগে ওই ফাঁকা জায়গায় প্রভাবশালীদের উদ্যোগে বেআইনি নির্মাণ হওয়ায় প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আবাসিক কাকলি মজুমদার জানান, “জরুরি পরিষেবার গাড়ি প্রবেশ করতে না পারায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতেও কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসিন্দারা।

    নির্মাণের শুরু থেকেই পৌরসভার চেয়ারম্যান, জেলা শাসক এবং তৎকালীন পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন প্রশাসনের কাছে তাঁরা আবারও হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।” স্থানীয় কাউন্সিলর সুজিত কুমার সাহা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “প্রায় ৩৫টি ফ্ল্যাটে দেড়শোরও বেশি মানুষ বসবাস করেন। তাঁদের নিরাপত্তার স্বার্থে অবৈধ নির্মাণ অপসারণ করে জরুরি প্রবেশপথ পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি।”

    অন্যদিকে, পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “তৎকালীন পৌর কর্তৃপক্ষের একটি প্রস্তাবের ভিত্তিতেই ওই নির্মাণ হয়েছিল। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হলে এবং প্রশাসনিক নির্দেশ এলে পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” এদিকে আবারও জেলা শাসকের কাছে আবেদনের পর নতুনভাবে আশায় বুক বেঁধেছেন আবাসিকরা। যদিও দীর্ঘদিনের এই সমস্যার সমাধান কবে হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সুভাষপল্লী পৌর আবাসনের বাসিন্দারা।
  • Link to this news (News18 বাংলা)