‘অন্নপূর্ণা যোজনার টাকা ১ জুলাই থেকে বিতরণ হবে’, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে মিলবে? বহু আবেদনকারীর মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই চারদিন ধরে জনকল্যাণ শিবির চলেছে রাজ্যজুড়ে। সেই শিবিরে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে আবেদন জমা পড়েছে ৮ লক্ষের বেশি। তারা কবে টাকা পাবেন? জানতে চান তাঁরা। আগে যাঁরা আবেদন করেছেন তাঁদের অ্যাকাউন্টে কবে টাকা যাবে? উঠছে প্রশ্ন। এবার বিষয়টি স্পষ্ট করে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে আগের সরকারের আমলে ১৫০০ টাকা মাসে মিলত। সেটা দ্বিগুণ মিলবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ৩০০০ টাকা মহিলারা মাসে পাবেন। তার জন্য চলেছে ফর্ম পূরণ। এই টাকা গরিব প্রান্তিক মানুষজনের অনেক কাজে লাগবে। সংসার চালানোর ক্ষেত্রে অনেকেই এই টাকার উপর নির্ভর করেন। এবার মুখ্যমন্ত্রী জানালেন জুলাই মাসের ১ তারিখ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়া আবেদনের উপভোক্তার কাছে টাকা পৌঁছে যাবে। আর আগে আবেদন করা ১ কোটি ৫ লক্ষ আবেদনের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এই বিষয়ে আরও জানিয়েছেন, এই শিবিরে সব প্রকল্প মিলিয়ে মোট ৫৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আগামী দিনে আবার জনকল্যাণ শিবির আয়োজন করা হবে।
অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি মহিলাদের মধ্যে বড় আশার আলো তৈরি করেছিল। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার পালা। এই আবহে মোট চারদিনের শিবিরে সব প্রকল্প মিলিয়ে ৫৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে ২২ লাখ ২৩ হাজার ৯৭০ আবেদন জমা পড়েছে। অন্নপূর্ণা যোজনায় আবেদন জমা পড়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজি ১২ বছর পূর্ণ করেছেন। তাই বিষয়টিকে সম্মান জানিয়ে জনকল্যাণ শিবির করা হয়েছে। অন্যান্য রাজ্য আগেই এই শিবির হয়েছে। আমরা আগামীতেও আবার করব।’
তাছাড়া জনকল্যাণ শিবিরের সঙ্গে আপনার সরকার আপনার পাশে কর্মসূচির কথা বলেছেন তিনি। রাজ্য সরকারের কাছে অভিযোগ জানানোর নম্বরে ৭০-৮০ হাজার ফোন এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই মুখ্যমন্ত্রী সুখবর জানিয়ে বলেন, ‘জুলাই মাস থেকে এই অভিযোগগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোট কত ফোন এসেছে। কতগুলির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হল। আমরা সব তথ্য জানাব। আমি কয়েকজন অভিযোগকারীর সঙ্গে নিজে কথা বলে জানতে চাইব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। এই সরকার মানুষের সরকার।১ জুলাই থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা।’