• বজ্রপাতের জেরে কলকাতা বিমানবন্দরে আহত ২, জলমগ্ন শহর ঘুরে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা
    দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
  • গত কয়েকদিনের প্রবল গরমের পর বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। এদিন বাজ পড়ে আহত হন কলকাতা বিমানবন্দরের দুই কর্মী। একটানা বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আলিপুর চিড়িয়াখানাতেও জল জমে যায়। জল জমার খবর পেয়ে সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি নিজে বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। জলবন্দি চিড়িয়াখানার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

    রাজ্যে কয়েকদিন আগেই বর্ষা ঢুকেছে। উত্তরবঙ্গে আগেই বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে চলছিল প্রবল দাবদাহ। গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে আকাশ ছিল কালো মেঘে ঢাকা। সকালেই সন্ধ্যের মতো অন্ধকার ঘনিয়ে আসে। ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ঘন ঘন বাজ পড়তে থাকে। সে সময়ই দমদম বিমানবন্দরে বাজ পড়ে দুই কর্মী আহত হন।

    জানা গিয়েছে, শুক্রবার সকালে তাঁরা যখন বিমানে মালপত্র তোলার কাজ করছিলেন সে সময়ই এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই দুই কর্মী আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

    এদিনের একটানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলবন্দি হয়ে পড়ে। উত্তর ও মধ্য কলকাতার একাধিক এলাকায় জল জমে যায়। এদিন কলেজস্ট্রিট, ঠনঠনিয়ার মতো এলাকায় হাঁটুসমান জল জমে যায়। এর পাশাপাশি সেক্টর ফাইভের অফিস পাড়া এলাকার উইপ্রো মোড়, কলেজ মোড়, টেকনোপলিস, ইলেট্রনিক্স থানা চত্বর-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় জল জমায় স্বাভাবিকভাবেই বাস-গাড়ির গতি কমে যায়। যানজটে আটকে অনেকেই সময়মতো অফিসে পৌঁছতে পারেননি বলে অভিযোগ। তাড়া থাকায় কেউ কেউ হাঁটুজল পেরিয়েই গন্তব্যে পৌঁছন।

    মুষলধারে বৃষ্টির মধ্যেই এদিন রাস্তায় নামেন পুর ও নগরোন্নয়মন্ত্রী অগ্নিমিত্রা। জলমগ্ন শহর ঘুরে দেখেন। কীভাবে কাজ করলে দ্রুত জল নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সে বিষয়ে কথা বলেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে। মানুষ যাতে কোনও রকম সমস্যায় না পড়েন তার জন্য কলকাতা পুরসভার তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে। দ্রুত জল নামাতে জরুরিকালীন ভিত্তিতে কাজ করার জন্য দপ্তরের কর্মীদের নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা পাল। এর পাশাপাশি নিকাশিনালাগুলির সাফাইয়ে বিশেষ জোর দেওয়ারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)