• প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার, কর্ণাটক থেকে ধরে আনল পুলিশ
    দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা-কর্মীরা গ্রেপ্তার হতে শুরু করেছে। কাউন্সিলররাও গ্রেপ্তার হচ্ছেন। এই আবহে ভিন রাজ্যে পালিয়ে গিয়ে ধরা পড়ার সংখ্যাও আছে। শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রামেন্দু সিংহরায়। কর্ণাটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তোলাবাজি-সহ নানা অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে তারকেশ্বরে নিয়ে আসবে বলে সূত্রের খবর। ওড়িশা হয়ে কর্ণাটক পালিয়ে গিয়ে গা-ঢাকা দিয়েছিলেন। কর্ণাটকের বেলাগাভি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

    এদিকে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহরায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী চুরি করা, তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ আছে। এমনকী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধনিয়াখালির কোটালপুর এলাকায় নিজের বাড়ির পাশেই একটি বিএড কলেজ তৈরি করেছিলেন। গত ১১ জুন ওই কলেজে তল্লাশি করা হয়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। এই বিষয়ে ধনিয়াখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন রামেন্দু সিংহরায়।

    অন্যদিকে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কর্ণাটকে গা ঢাকা দিয়ে রয়েছেন রামেন্দু সিংহরায়। তারপরেই আটঘাট বেঁধে রামেন্দু সিংহরায়কে ধরার জন্য কর্ণাটকে রওনা দেয় তারকেশ্বর থানার পুলিশ। দক্ষিণের ওই রাজ্য থেকেই রামেন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতাকে ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসা হবে। রামেন্দু সিংহরায় তারকেশ্বরের বিধায়ক ছিলেন। একইসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতিও ছিলেন।

    তাছাড়া কদিন আগে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা আরামবাগ পুরসভা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দীকে কেরল থেকে গ্রেপ্তার করেছিল হুগলি গ্রামীণ পুলিশ। কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষকে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন রামেন্দু সিংহরায়। এই গ্রেপ্তারে খুশি স্থানীয বাসিন্দারা। এই রামেন্দু সিংহরায় অনেককে হুমকি দিতেন বলেও অভিযোগ। তোলাবাজি, দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। অবশেষে ধরা পড়েই গেলেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)