৮ মাসেই ভাঙল মমতার তৈরি দুধিয়া সেতু, ‘কাটমানি রয়েছে কিনা তদন্ত হবে’, অ্যাকশনে শুভেন্দু
প্রতিদিন | ২০ জুন ২০২৬
বয়স মাত্র ৮ মাস। তাতেই ভেসে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি দুধিয়া সেতু (Dudhia Bridge)। তার ফলে বর্তমানে শিলিগুড়ি ও মিরিকের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বর্ষার প্রথম ভারী বৃষ্টিতে সেতু ভেসে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই হাজারও প্রশ্নের ভিড়। সেতু তৈরিতে কোনও গলদ ছিল বলেই সন্দেহ করছেন কেউ কেউ। দুধিয়া সেতু তৈরিতে কাটমানি যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সেকথা জানান তিনি। তবে আপাতত যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ করাই লক্ষ্য রাজ্য সরকারের।
শুভেন্দু জানান, উত্তরবঙ্গের এই বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে। লেবং কার্টরোডে, মিরিকের গয়াবাড়িতে ভূমিধস হয়েছে। নবান্নের কন্ট্রোলরুম থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সেচদপ্তর থেকে খোঁজখবর রাখা হচ্ছে। সাংসদ রাজু বিস্তারা বিপর্যস্ত এলাকায় রয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিপজ্জনক জায়গা থেকে সকলকে নামিয়ে আনা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ যাতে কোনওভাবেই বাস্তুচ্যুত না হন, সে ব্যবস্থা নেওয়াই লক্ষ্য তাঁর।
তবে আপাতত উত্তরবঙ্গবাসীকে সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতে নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধসের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। এদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।