দুর্নীতির অভিনব প্রতিবাদ। নদীতে ভাসানো হল কলাবউ ওরফে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার অবয়ব! বৃহস্পতিবার এমনই অভিনব প্রতিবাদের সাক্ষী রইল বসিরহাট। এদিন মহকুমার ধৃত তৃণমূল নেতা শাহানুর মণ্ডলের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রতীকীভাবে ‘কলাবউ’ সাজিয়ে মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরে শাহানুর মণ্ডলের ছবি লাগানো সেই কলাগাছ ইছামতী নদীতে বিসর্জন দেওয়া হয়।
বৃহস্পতিবার বসিরহাট শহরের ইটিন্ডা রোড থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি ইছামতী সেতুতে পৌঁছলে সেখানে দুর্নীতির প্রতীক হিসাবে কলাগাছটি নদীতে বিসর্জন দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সেই ক্ষোভেরই প্রতিফলন এই অভিনব কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতারা বলেন, “ভয় আউট, ভরসা ইন, দুর্নীতিমুক্ত বাংলা গড়তে হবে।” পাশাপাশি তাঁরা সাধারণ মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার বার্তা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা তরুণকুমার ঘোষ, কুণাল ব্রহ্ম ও পলাশ ঘোষ-সহ দলের অন্যান্য নেতা ও মহিলা মোর্চার কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের ‘কুকীর্তি’র ঘটনা সামনে আসছে! উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকাতেও তৃণমূল নেতাদের দুর্নীতি, হুমকি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা শাহানুর মণ্ডলের। পুলিশ তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এবার ওই নেতার বিরুদ্ধে এলাকায় মিছিল করেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। প্রতীকীভাবে ‘কলাবউ’ সাজানো হয়। পরে সেটি নিয়ে মিছিল করে ইছামতী নদীতে সেটি বিসর্জন দেওয়া হয়। যদিও এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।