ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
প্রতিদিন | ২০ জুন ২০২৬
স্বামীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের হতেই চেয়ারম্যানের পদে ইস্তফা।শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বোলপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অনুব্রত ঘনিষ্ঠ পর্ণা ঘোষ। এই মর্মে শুক্রবার বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্নার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এ বিষয়ে পর্ণা ঘোষের সঙ্গে বারংবার যোগাযোগ করা সত্ত্বেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
২০২০ সালে প্রাক্তন চেয়ারম্যান সুশান্ত ভকতকে সরিয়ে পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় পর্ণা ঘোষকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৎকালীন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সুশান্ত ভকতের মনোমালিন্য মত পার্থক্যের জেরেই জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। সেই সময় থেকেই পর্ণা ঘোষ বোলপুর পুর প্রশাসকের পদে ছিলেন। পরে পুরসভা নির্বাচনে জিতে এসে তিনি চেয়ারম্যান হন।
পর্ণা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক, জেলা কোর কমিটির সদস্য এবং বোলপুর পুরসভার আধিকারিক। বিরোধীদের অভিযোগ, পুরসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যকলাপের ক্ষেত্রে সুদীপ্ত ঘোষের প্রভাব ছিল অত্যন্ত বেশি। এমনকী তাঁর অনুমোদন ছাড়া বহু কাজ হতো না বলেও অভিযোগ। স্বামীর বিরুদ্ধে ,অভিযোগ দায়ের হওয়ার পরই পর্ণাদেবীর ইস্তফা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। সূত্র মারফত খবর, আগামী সোমবার কাউন্সিলরের পদ থেকেও অব্যাহতি চেয়ে আবেদন করবেন পর্ণা।এ প্রসঙ্গে বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না বলেন, “বোলপুর পুরসভার চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিয়েছেন।”
অন্যদিকে নদিয়ার রানাঘাট পুরসভাতেও কার্যত অচলাবস্থা। চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। এদিন এলাকায় জল জমা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তিনি। তারপরই আচমকা পদত্যাগ করেন তিনি বলে জানা যাচ্ছে।