• রয়েছে ৪৪০ কোটি টাকা! তৃণমূলের ৩টি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, পুলিশকে চিঠি ব্যাঙ্কের
    প্রতিদিন | ২০ জুন ২০২৬
  • তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তিনটি খাতা মিলিয়ে রয়েছে মোট ৪৪০ কোটি টাকা। বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে খবর। আপাতত ওই তিন অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না।

    দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কি না, কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত। তদন্ত হওয়া উচিত।” এই প্রেক্ষাপটে আজ শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন। তারপরই তদন্তে নামে সাইবার সেল।

    এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ত কুণাল ঘোষ বলেন, “বিষয়টি আমার জানি। খবরটা সত্যি। গোটা ঘটনাচক্রের উপর নজর রাখছি।” তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, ৫ জুন শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। এই কথা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ফলে অরূপ বিশ্বাসের দাবি ধোপে টিকছে না।অ্যাকাউন্ট ফ্রিজ হলে কিছু সমস্যা তো হয়ই। তবে সাংসদরা নিজেদের তহবিল থেকে কিছু টাকা দলকে দিলে আপাতত চলবে। আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হবে। 

    এ নিয়ে প্রশ্ন করা হলে ‘আসল তৃণমূল’ বিধায়ক সন্দীপন সাহা বলেন, “এখন যা পরিস্থিতি তাতে ওই অ্যাকউন্টগুলিতে লেনদেন হওয়া উচিত নয়। এই মর্মেই পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে থাকা টাকাপয়সার বৈধতা নিয়ে তদন্ত হোক। দেখা যাক টাকার উৎস কী। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক।”

    উল্লেখ্য, নির্বাচনে ভরাডুবির পর থেকে একের পর ধাক্কায় বেসামাল তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে সংসদীয় দলও। প্রতীক তাঁর কাছে থাকবে কি না,  তা নিয়ে প্রশ্ন উঠেছে। দল বাঁচাতে ‘মরিয়া’ অভিষেক ছুটেছেন দিল্লি। স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে বিদ্রোহী সাংসদদের পদ বাতিলের দাবি জানিয়েছেন। এ দিকে একের পর এক পুরনিগম, পুরসভা হাতছাড়া হচ্ছে। এবার ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যা কার্যত তৃণমূলের কোমর ভেঙে গেল বলে মনে করছে ওয়াকিবহল মহল। 
  • Link to this news (প্রতিদিন)