নদীয়া জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, চাঞ্চল্য রাজনৈতিক মহলে
বর্তমান | ২০ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অনাস্থা প্রস্তাবের উপর সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ২ জুলাই বিশেষ সভা ডাকা হয়েছে। শুক্রবার সেই চিঠি জেলা পরিষদের সদস্যদের কাছে পোঁছে যায়।
ডিভিশনাল কমিশনার তথা নির্ধারিত কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে এই সভা আহ্বান করা হয়েছে। আগামী ২ জুলাই দুপুর সাড়ে বারোটায় কৃষ্ণনগরের নদীয়া জেলা পরিষদ ভবনের তারকদাস বন্দ্যোপাধ্যায় সভাকক্ষে সেই সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নদীয়া জেলায় সভাধিপতি তারান্নুম সুলতানা মিরের বিরুদ্ধে ২৭ জন সদস্য অনাস্থা ডাকেন কয়েকদিন আগে। সেইমতো শুক্রবার চিঠি পায় জেলা পরিষদের সদস্যরা।