‘রান ফর যোগা’- কলকাতার ম্যারাথনে শুভেন্দু-প্রতাপরাও
বর্তমান | ২০ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার আন্তর্জাতিক যোগা দিবস। তার আগে থেকেই কলকাতা তথা রাজ্যজুড়ে শুরু হয়েছে নানন যোগাভিত্তিক কর্মসূচি। রবিবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের আগেই অনুষ্ঠিত হল রান ‘রান ফর যোগা’ কর্মসূচি। এই কর্মসূচিতে আজ অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় আয়ুষ দপ্তরের প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদবও।
প্রায় ২কিমি ম্যারাথনটি শুরু হয় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সদর অফিস থেকে এবং শেষ হয় রাইটার্স বিল্ডিংয়ে। এতে অংশ নেন কয়েকশো মানুষ, যার মধ্যে ছিলেন রাজ্য ও পুরসভার একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং ক্রীড়া ব্যক্তিত্বরা। এই ‘রান ফর যোগা’এর উদ্দেশ্য সুস্থ জীবনযাপন ও ফিটনেস সম্পর্কে সচেতনতা বাড়ানো। রাজ্যে রদবদলের পরই বাংলা এবার জাতীয় স্তরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল আয়োজনের দায়িত্ব পেয়েছে। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে প্রধান অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। টেনিস তারকা লিয়েন্ডার পেজ-ও এই দৌড়ে অংশ নেন এবং পরে আয়োজিত যোগা সেশনে যোগ দেন।
কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী ভাবনায় বিশ্ববাসীকে দেওয়া এক আরোগ্যের মহামন্ত্র! আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে যেন এক নতুন শক্তি ও উদ্দীপনার জোয়ার ভেসে আসে। এই বছরের আমাদের মূল ভাবনা 'সুস্থ বার্ধক্যের জন্য যোগ'। পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি, মাঠ, পার্ক এবং ঘরে ঘরে সকলে মিলে একত্রিত হয়ে এই যোগ উৎসবকে এক নতুন রেকর্ডে নিয়ে যান। এগিয়ে আসুন, যোগাসন করুন এবং নিজেকে সুস্বাস্থ্যের উপহার দিন!'
অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, যোগ আজ বিশ্বজুড়ে সুস্থ জীবনধারার প্রতীক হয়ে উঠেছে। তিনি নাগরিকদের দৈনন্দিন জীবনে যোগাভ্যাসকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। শহরের বিভিন্ন স্থানে একই দিনে আরও ১০টি ‘রান ফর যোগা’ আয়োজন করা হয়। পাশাপাশি যোগ শিবির, সচেতনতা কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানও চলছে, যা আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে বড়সড় জনসংযোগ তৈরি করেছে।