জামাইষষ্ঠী শনিবার, তারপরেই রবিবার। টানা ছুটিতে দিঘা-মন্দারমনিতে ভিড় করবেন, এমন আশা অনেকেই করেছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রে নামাই বারণ হয়ে গেল।
আবহাওয়া পরিস্থিতির কারণে দিঘা, মন্দারমনি-সহ গোটা সমুদ্র উপকূল এলাকার জন্য বিশেষ সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে। শুক্রবার, জামাইষষ্ঠীর দিন দিঘা ও মন্দারমনির সমুদ্রে নামতে পারবেন না পর্যটকেরা, জানানো হয়েছে পুলিশের তরফে। মন্দারমনি কোস্টাল থানার পক্ষ থেকে শুক্রবার সমুদ্র তটে মাইকিং করে প্রচার করা হয়েছে। সমুদ্র সৈকতেও যেতে নিষেধ করা হয়েছে।
এছাড়াও কিছু নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। স্থানীয় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। শনিবার থেকে কেউ যেন সমুদ্রে না যান, তার নির্দেশ দেওয়া হয়েছে। যে মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাঁদের আপাতত সেই বাড়ি ছেড়ে অন্যত্র থাকার জন্য বলা হয়েছে।