• ওটিটিতে আসছে 'কলকাতা কোলাজ', কী আছে কাহিনিতে
    eTV Bharat | ১৯ জুন ২০২৬
  • কলকাতা, 19 জুন: পরিচালক পার্থ সেন নিয়ে আসছেন তাঁর নতুন ওয়েব সিরিজ ‘কলকাতা কোলাজ’। সিরিজটি আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম 'সবসময়'-এ। অভিনয়ে থাকছেন অর্পণ ঘোষাল, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজলা গুহ, রব দে, দুলাল লাহিড়ী, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনন্যা সেন সহ আরও অনেকে।

    কলকাতার প্রাণবন্ত পটভূমিতে নির্মিত ‘কলকাতা কোলাজ’ মানবিক সম্পর্কের নানা রঙকে তুলে ধরবে এক অনন্য আঙ্গিকে- এমনটাই দাবি নির্মাতাদের। একাধিক আন্তঃসংযুক্ত গল্পের মাধ্যমে সিরিজটি ভালোবাসা, বিচ্ছেদ, অপেক্ষা, বন্ধুত্ব, অনুশোচনা এবং আত্ম-উপলব্ধির মতো আবেগকে স্পর্শ করবে বলে জানা গিয়েছে। মূলত আশা, লড়াই এবং মানুষে মানুষে অদৃশ্য বন্ধনের গল্প বলবে ‘কলকাতা কোলাজ’। এখানে কলকাতা শুধুমাত্র একটি শহর নয়, বরং গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যার নিজস্ব আবহ, অনুভূতি এবং আত্মা প্রতিটি গল্পকে আরও গভীর করে তুলবে।

    সিরিজে যে চরিত্ররা রয়েছে তাদের যাত্রাপথের মাধ্যমে উঠে আসবে প্রেম, বন্ধুত্ব, স্বপ্ন, ভাঙন এবং আত্ম-অন্বেষণের নানা দিক। সিরিজটি নিয়ে পরিচালক পার্থ সেন বলেন, "'সবসময়' তাদের বাংলা ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু করছে, সেই পথচলার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অ্যান্থলজিতে চারটি ভিন্ন গল্প এবং এক অসাধারণ শিল্পীসম্ভার রয়েছে। প্রবীণ অভিনেতা দুলাল লাহিড়ী থেকে শুরু করে বাসবদত্তা চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, রব দে, অনন্যা সেন, সৃজলা গুহ এবং দেবপ্রিয় মুখোপাধ্যায়—প্রত্যেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। দর্শক এই গল্পগুলিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলা ওটিটি জগতে সবসময়ের নতুন যাত্রার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।"

    ‘কলকাতা কোলাজ’ সবসময়ের আসন্ন অরিজিনাল কনটেন্ট তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে, যা দর্শকদের জন্য নিয়ে আসবে আবেগ, সম্পর্ক এবং জীবনের নানা রঙে ভরপুর এক সমৃদ্ধ অভিজ্ঞতা- দাবি নির্মাতাদের।
  • Link to this news (eTV Bharat)