• 'অভিমান' ঘিরে সুমন ঘোষের পোস্টের পাল্টা প্রসেনজিৎ, কী জবাব যীশু-সৌরভের
    eTV Bharat | ১৯ জুন ২০২৬
  • কলকাতা, 19 জুন: শুক্রবারের সকাল। মুক্তির পথে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত বাংলা ছবি 'অভিমান' (Abhhiman)। যীশু সেনগুপ্ত, সৌরভ দাস প্রযোজিত প্রথম বাংলা ছবি বলে কথা। বাঙালি সিনেপ্রেমীদের মনে আজ আগ্রহের শেষ নেই। তার উপরে রকস্টার লুকে টিজার, ট্রেলারে দর্শকের মন কাঁপিয়েছেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু এদিন সকাল হতেই 'অভিমান'-এর উপর আছড়ে পড়ে ঝড় ! অভিযোগের তীর খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকেই।

    পরিচালক সুমন ঘোষ সামাজিক মাধ্যমে দাবি তোলেন, ক্ষমতার জোরে আইডিয়া চুরি করেছেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, আগামী প্রজন্ম কীভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে? শুক্রবার সাত সকালে একটি খোলা চিঠিতে পরিচালক অভিযোগ করেছেন, দীর্ঘ 2 বছর ধরে যে চরিত্র বা গল্প নিয়ে প্রসেজিতের সঙ্গে কাজ করার কথা চলছিল, সেই ভাবনাই ফুটে উঠেছে অভিমান-এ। স্বাভাবিকভাবেই সুমনের পোস্ট দেখার পরেই নড়েচড়ে বসে বাংলা ছবির দর্শক। কিন্তু বেলা গড়াতেই সুমন ঘোষের পোস্টের উত্তর দিলেন 'অভিমান'-এর প্রযোজকদ্বয়।

    প্রযোজনার তরফে বিবৃতি

    'অভিমান'-এর প্রযোজকদের সরকারি বিবৃতি আসে সাংবাদিকদের কাছে। সেখানে লেখা আছে- "'অভিমান' ছবির প্রযোজক হিসেবে আমরা আমাদের সমগ্র সৃজনশীল দলের সততা, মৌলিকতা এবং নিষ্ঠা নিয়ে অত্যন্ত গর্বিত।
    ছবিটির মূল ভাবনা যীশু ইউ. সেনগুপ্তর, আর চিত্রনাট্য ও সংলাপ স্বাধীনভাবে তৈরি ও রচনা করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রতিষ্ঠিত শিল্প ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত নিবন্ধন, নথিপত্র এবং ডেভেলপমেন্ট সংক্রান্ত উপকরণসহ একটি সুস্পষ্ট ও নথিভুক্ত সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রকল্পটি গড়ে উঠেছে।"

    বিবৃতিতে আরও বলা হয়, "আমরা অন্যান্য সকল চলচ্চিত্র নির্মাতার কাজ ও তাঁদের সৃজনশীল যাত্রাকে সম্মান করি। তবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, অভিমান একটি সম্পূর্ণ মৌলিক কাজ, যা এর লেখক ও নির্মাতারা স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। আমরা আমাদের চিত্রনাট্যের স্বকীয়তা এবং এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের পেশাদার নৈতিকতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। আমরা বিশ্বাস করি, একটি শিল্পকর্মকে শেষ পর্যন্ত তার নিজস্ব গুণমান ও মূল্যবোধের ভিত্তিতেই বিচার করা উচিত। অভিমান আজ প্রেক্ষাগৃহে দর্শকদের কাছে পৌঁছেছে। আমরা দর্শক, সংবাদমাধ্যমের সদস্য এবং চলচ্চিত্র জগতের সকলকে ছবিটি দেখার এবং নিজেদের বিচার গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।"

    প্রসেনজিতের বার্তা

    প্রসেনজিতের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই সামাজিক পাতায় উত্তর দেন অভিনেতাও ৷ তিনি লেখেন, "পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই শিল্পক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় একে অপরের সঙ্গে মিল বা সাদৃশ্য দেখা দিতে পারে, কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে ‘অভিমান’ ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নিবন্ধিত একটি প্রজেক্ট, যা আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং লেখক সৃজাতর সৃষ্টি। একজন অভিনেতা হিসেবে আমার কাজ হল- আমার হাতে আসা চিত্রনাট্যটিকে প্রাণবন্ত করে তোলা। কারও সৃজনশীল বিশ্বাসের অমর্যাদা করার কোনও উদ্দেশ্যই আমার ছিল না৷ আমি সুমনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।"

    সুমন ঘোষের অভিযোগ

    প্রসঙ্গত, প্রসেনজিৎকে উদ্দেশ্য করে সুমন এদিন লেখেন, "অত্যন্ত ভারী মন নিয়ে তোমায় এই চিঠি লিখছি। শিল্পের সততা ও নৈতিকতা নিয়ে এমন কিছু প্রশ্ন বুকে চেপে বসেছে, যা আমার মতো একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে (independent filmmaker) বিচলিত করছে। সৃজনশীলতা বা শিল্পের মূল ভিত্তি কী? শুধুই একটা চূড়ান্ত সৃষ্টি, নাকি সেই সৃষ্টি তৈরি হওয়ার পেছনের পারস্পরিক বিশ্বাস, সততা ও নৈতিকতা?"

    পরিচালক আরও লেখেন, "গত আড়াই বছর ধরে তোমার সাথে আমি একটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করছি। অত্যন্ত যত্ন ও ঐকান্তিক প্রচেষ্টায় একটি স্ক্রিপ্ট গড়ে তুলেছিলাম— 'স্টার' (Star)। আর তার চরিত্রচিত্রণে Star হিসাবে শুরু থেকেই তোমাকে ভেবে এসেছি। এই আড়াই বছরে তোমার মতো একজন সিনিয়র, খ্যাতনামা অভিনেতার সাথে আমার বেশ কয়েকটি মিটিং হয়েছে। তোমায় ভেবেই চরিত্রটির দুটি ভিন্ন বয়স ও রূপ সাজানো হয়েছিল-1) জরাগ্রস্ত, অবক্ষয়ী রূপ এবং 2) তরতাজা যৌবনের ইমেজ। এমনকি হোমওয়ার্ক হিসেবে আমি তোমায় নেটফ্লিক্সের 'Elvis' সিনেমাটি দেখতে বলেছিলাম। যদিও সেটি একজন মিউজিক সুপারস্টারকে নিয়ে, তবুও আমাদের ছবির ভাবনার সাথে তা প্রাসঙ্গিক ছিল। শেষবার, গত ডিসেম্বর মাসে আমাদের কথা চূড়ান্ত হয় যে 'nideas' ছবিটি প্রযোজনা করবে এবং সেই অনুযায়ী আমার প্রোডাকশন কোঅর্ডিনেটর একটি বাজেটও তোমাকে পাঠায়।"

    এরপরেই পরিচালক অভিযোগ করেন, 'অভিমান' ছবির টিজার এবং ট্রেলারে প্রায় হুবহু একই রকম চরিত্রায়ণ, একই রকম দৃশ্য এবং উপাদান ব্যবহার করা হয়েছে ৷ তাঁর দলের এতবছরের খাটুনি বৃথা গেল ৷
  • Link to this news (eTV Bharat)