ফ্রান্সে আয়োজিত G-7 শীর্ষ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে কূটনৈতিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বৈঠক করা নয়, তাঁদের হাতে উপহারও তুলে দিয়েছেন তিনি। তাঁর দেওয়া উপহারের তালিকায় আছে নাগৌরি অশ্বগন্ধা এবং জম্মু-কাশ্মীরের রামবান মধু। উপহার হিসেবে বিশ্ব নেতাদের হাতে বেনারসি সিল্ক স্টোল-ও দিয়েছেন তিনি। এই উপহার দেওয়ার মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকেও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
আগেও দেশের ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা অব্যাহত থাকল জি-৭ শীর্ষ সম্মেলনেও। তাঁর এই উপহার ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, কৃষি এবং হস্তশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হিসেবেও দেখা হচ্ছে।
উপহারের তালিকায় আছে রাজস্থানের নাগৌরি অশ্বগন্ধা (Nagauri Ashwagandha)। জিআই (Geographical Indication বা GI) ট্যাগপ্রাপ্ত এই উদ্ভিদকে,আয়ুর্বেদে, একটি ‘রসায়ন’ ভেষজ হিসেবে গণ্য করা হয়। তা জীবনীশক্তি বৃদ্ধি করতে, মানসিক স্বচ্ছতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বিশ্ব জুড়ে এই নিয়ে গবেষণাও চলছে।
প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় আছে লাকাডং হলুদ (Lakadong Turmeric)। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে উৎপাদিত উৎকৃষ্ট জাত এই হলুদ, উর্বর লাল মাটি, প্রচুর বৃষ্টিপাত এবং ঐতিহ্যবাহী চাষ পদ্ধতির কারণে ব্যতিক্রমী উচ্চ কারকিউমিন (curcumin) উপাদানের জন্য পরিচিত। ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ-প্রাপ্ত এবং আয়ুর্বেদে ব্যাপকভাবে ব্যবহৃত এই হলুদ তার অ্যান্টিঅক্সিডেন্ট (antioxidant) এবং নানা গুণের জন্য সমাদৃত।
এছাড়াও প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন জম্মু-কাশ্মীরের চেনাব উপত্যকার রামবান মধু (Ramban Honey)। পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি এই মধুরও আয়ুর্বেদ এবং প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব আছে।
প্রধানমন্ত্রীর উপহারে তালিকায় আছে বেনারসি সিল্ক স্টোল(Banarsi Silk Stole)-ও। মিহি রেশম দিয়ে তৈরি এই বস্ত্রে সূক্ষ্ম 'জরি'র কাজ করা থাকে। চমৎকার বুনন-শৈলী এবং প্রকৃতি-অনুপ্রাণিত বিস্তারিত নকশার জন্য এটি সুপরিচিত। এই কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পরিশীলিত বয়ন-কৌশলের প্রতিফলন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই (GI) স্বীকৃতিপ্রাপ্ত বেনারসি সিল্ক ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ বস্ত্র-ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, কারুশৈলী এবং শৈল্পিক ধারাবাহিকতার প্রতীক হিসেবেও দাঁড়িয়ে আছে এই শাড়ি।
ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলন চলার ফাঁকেই বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বি-পাক্ষিক নানা বিষয় ছাড়াও বাণিজ্য বিষয়টি গুরুত্ব পেয়েছে তাতে।