• যোগায় যোগদান বাধ্যতামূলক নয়, হাইকোর্টে রাজ্য
    এই সময় | ২০ জুন ২০২৬
  • এই সময়: রবিবার সকা‍লে সরকারি কর্মচারীদের যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দায়ের করা মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে দেওয়া রিপোর্টে এমনই জানানো হলো। এই রিপোর্ট পাওয়ার পরে বিচারপতি অমৃতা সিনহা মামলার নিষ্পত্তি করে দেন। এ দিন রাজ্যের তরফে রিপোর্ট জানানো হয়, কর্মচারীদের উৎসাহ দিতেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কোনও বাধ্যবাধকতা নেই। কেউ যদি অনুষ্ঠানে যোগ না দেন, তা হলেও সরকার কোনও কড়া পদক্ষেপ করবে না।

    বৃহস্পতিবারই এই মামলায় মৌখিক ভাবে রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, বিজ্ঞপ্তিতে যাই থাকুক, কর্মচারীদের জোর করে কিছু করতে বলা হয়নি। যদিও তার পরেও আদালত রাজ্যের মুখ্যসচিবের কাছে বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়েছিল এবং কর্মচারীদের বাধ্য করার মতো নির্দেশ দেওয়া যায় কি না, সেই অবস্থান জানাতে বলেছি‍ল। সেই সূত্রেই শুক্রবার রাজ্যের তরফে িরপোর্ট দিয়ে জানানো হয়, যোগ দিবসে যোগদানে কর্মচারীদের উৎসাহ দিতেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

    ২১ তারিখ যোগদিবসে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসের অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। এই উপলক্ষে শুক্রবার আবার কলকাতা পুরসভার সামনে থেকে মহাকরণ পর্যন্ত হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। পুরসভার সামনে থেকে ফ্ল্যাগ অফ করে এই দৌড়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেও অংশ নেন। টেনিস তারকা লিয়েন্ডার পেজ, সাঁতারু বুলা চৌধুরী, অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার, পুর–কমিশনার স্মিতা পান্ডে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব–সহ অনেকেই এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান, যোগ দিবস উপলক্ষে ৫০০ নৌকোয় যোগাসনের ব্যবস্থা করা হয়েছে, ড্রোন শো–সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাফ ম্যারাথন শেষে মহাকরণের সামনে যোগাসন সেরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এ বার রাজ্যে যোগ দিবস নিয়ে যে উৎসাহ তৈরি হয়েছে, তা আগে কখনও হয়নি। এর জন্যে আমরা গর্বিত।’

    এরই মধ্যে আবার যোগ দিবস উপলক্ষে রাজ্যের সব আয়ুর্বেদিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ডিসপেনসারির কর্মী এবং পড়ুয়াদের নিজ নিজ প্রতিষ্ঠানে আয়োজিত যোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে সব জেলা ও স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আয়ুষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)