• মোবাইল ছিনিয়ে পালানোর সময়ে বিপত্তি, হার্ট অ্যাটাকে মৃত্যু সন্দেহভাজনের
    এই সময় | ২০ জুন ২০২৬
  • মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দু'জন। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় তাদের মোটরসাইকেল। তার পরেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক সন্দেহভাজনের। অন্য অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেঙ্গালুরুর ঘটনা।

    পুলিশ এবং স্থানীয় সূত্র খবর, এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কাব্বনপেটের ১৪ নম্বর ক্রসিং ( 14th Cross in Cubbonpet)-এ। মোটরসাইকেলে আসা দু’জন ব্যক্তি এক পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল। ওই দু’জন মোবাইল নিয়ে পালানোর সময়েই চিৎকার করে ওঠেন সেটির মালিক। সেই সময়ে অপরিসর রাস্তা দিয়ে মোটর সাইকেলে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। রাস্তার দু’পাশেই রাখা ছিল একাধিক মোটর সাইকেল। আর সেই চিৎকার শুনেই কাছেই কর্মরত এক শ্রমিক মোটরসাইকেলটির দিকে একটি বস্তা ছুড়ে মারেন। ওই দু’জনকে থামানোর উদ্দেশ্যেই বস্তাটি ছুড়েছিলেন তিনি।

    জানা গিয়েছে, এর ফলে ভারসাম্য হারিয়ে পড়ে যায় মোটরসাইকেলটি। আর ওই দু’জন ছিনিয়ে নেওয়া ফোনটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাতে লাভ হয়নি। তাদের মধ্যে কিছুটা দূরে ফুটপাতে লুটিয়ে পড়ে। সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জুনায়েদ (১৮)। পুলিশের ধারণা, তার আগে থেকেই হৃদরোগজনিত কোনও সমস্যা ছিল। সেই কারণে হার্ট অ্যাটাকে হয় তার। তবে তার সঙ্গে থাকা আরবাজ নামে দ্বিতীয় ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ।

    ওই দুই অভিযুক্তের পালিয়ে যাওয়ার সময়ের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ওই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এই নিয়ে হালাসুরু গেট থানায় ( Halasuru Gate Police Station) মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)