রাস্তার ধারের একটি দোকান থেকে খাবার খেয়ে ফুড পয়জ়নিং। পেটে ব্যথা, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে ৫৯। তাঁদের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহারাষ্ট্রের ভিওয়ান্দির ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে নিখোঁজ এক মৎস্যজীবী। তাঁর নাম কৃষ্ণ দাস। শুক্রবার মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে পড়ে যান তিনি। তার পর থেকেই কোনও নিখোঁজ ওই মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার তিনমাথা নদীর ঘটনা। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ রাতভর তল্লাশি চালায়। তবে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। বর্তমানে জারি রয়েছে তল্লাশি অভিযান।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন আজ, শনিবার। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X হ্যান্ডলে একটি পোস্ট করে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও, ওই পোস্টে রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। সেই উপলক্ষে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, সেই সভা থেকে একগুচ্ছ প্রশাসনিক ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এ দিনের কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ সরকার ও শাসক দলের শীর্ষ নেতৃত্ব। এর পরে রবিবার কলকাতার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
শনিবার সাতসকালে গ্রেপ্তার জাহাঙ্গির খানের স্ত্রী। ফলতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে। আগেই গ্রেপ্তার করা হয়েছে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে।
অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বেশ কয়েকটি জেলায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বরিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।