গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে নিখোঁজ এক মৎস্যজীবী। তাঁর নাম কৃষ্ণ দাস। তিনি কাকদ্বীপের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে আচমকা নদীতে পড়ে যান ওই মৎস্যজীবী। তার পর থেকেই কোনও নিখোঁজ তিনি। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার তিনমাথা নদীর ঘটনা। পাথরপ্রতিমা থানার পুলিশ রাতভর তল্লাশি চালায়। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। শনিবার সকালেও তল্লাশি চলছে।
স্থানীয় সূত্রের খবর, কাকদ্বীপের ‘FB সাবিত্রী’ নামে একটি ট্রলার ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। জামাইষষ্ঠী উপলক্ষে মাছ ধরে ট্রলার কাকদ্বীপে ফিরছিল। ফেরার পথেই ঘটে বিপত্তি। পাথরপ্রতিমায় ঢোকার মুখে তিনমাথা নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে ওই ট্রলারটি। অসাবধানতাবশত ওই মৎস্যজীবী নদীতে পড়ে যান। তিনি ট্রলারের মাথায় বসে ছিলেন বলে সূত্রের খবর।
ট্রলারের কর্মী ও তাঁর সঙ্গীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছন পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকার। তাঁর সঙ্গে ছিল উদ্ধারকারী দল। লঞ্চ ও ট্রলার নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান।
কিন্তু তার পরে প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও পর্যন্ত খোঁজ মেলেনি ওই মৎস্যজীবীর। পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বর্তমানে। রাতভর নদী ও সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালানো হবে। ঘটনায় উদ্বেগে রয়েছেন ওই মৎস্যজীবীর পরিবারের সদস্য-সহ এলাকার বাসিন্দারা।