• পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
    আজকাল | ২০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সরকার বদলের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার। রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুলগুলিতেও এই দিনটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। পশ্চিমবঙ্গ দিবসের সকালে এই দিনটি গুরুত্ব বিবেচনা করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, ‘দীর্ঘ কয়েক দশক পর, এই প্রথমবার ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত ও ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ সরকারিভাবে পালন করতে চলেছে।’

    ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করাটা কতটা গুরুত্বপূর্ণ সে কথা আরও একবার মনে করিয়ে দিয়ে শুভেন্দু লেখেন, ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি বাঙালি চিরঋণী। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের মহান রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যাঁর দূরদর্শিতা না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্যের অস্তিত্বই থাকত না।’

    মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘অখণ্ড বাংলাকে যখন সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার এক ভয়ঙ্কর নীলনকশা তৈরি হয়েছিল, তখন তার বিরুদ্ধে বজ্রকঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর অবিচল নেতৃত্ব, অদম্য আন্দোলন এবং দূরদর্শী ভাবনার ফলেই পাকিস্তানের করাল গ্রাস থেকে মুক্ত করে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যটি গঠন করা সম্ভব হয়েছিল।’

    এমনকী, প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারকেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোটব্যাঙ্ক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয়ের লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনও চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে।’
  • Link to this news (আজকাল)