• সিঙ্গুরে ফের শিল্পায়নের ইঙ্গিত বড় বিনিয়োগ আসার আশ্বাস মন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
  • সিঙ্গুরে ফের শিল্প গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল রাজ্য সরকার। তারকেশ্বরে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি পরিদর্শনে এসে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানান, ভবিষ্যতে সিঙ্গুরে বড় শিল্প প্রকল্প গড়ে উঠবে এবং সেখানে নতুন করে বিনিয়োগ আসবে।

    মন্ত্রী বলেন, সিঙ্গুরে আবার বড় বড় শিল্প কারখানা ও উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। টাটা গোষ্ঠী ফিরে আসতে পারে কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কোনও সংস্থার নাম না করলেও জানান, শুধু টাটা নয়, আরও অনেক বড় শিল্পগোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাবে।

    বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো গাড়ি কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। কারখানার পরিকাঠামোও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তবে জমি আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার জেরে উৎপাদন শুরুর আগেই প্রকল্পটি গুজরাতের সানন্দে স্থানান্তরিত হয়। সেই ঘটনার পর থেকেই সিঙ্গুরে শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

    বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ইস্তাহারে বাংলায় নতুন শিল্পায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে রাজ্য নেতৃত্ব। এর আগেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, বাংলায় শিল্প ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

    এই প্রেক্ষাপটে অজয় পোদ্দারের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, সিঙ্গুরকে আবার শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে এবং নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তাঁর দাবি, শিল্পায়নের মাধ্যমে সিঙ্গুরকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে এবং রাজ্যের উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)