• এক ধাক্কায় নামল কলকাতার তাপমাত্রা, জামাইষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
    এই সময় | ২০ জুন ২০২৬
  • দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। সঙ্গে কমেছে হাঁসফাঁস করা গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। যার জেরে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বঙ্গে। আজ, শনিবার জামাইষষ্ঠীর দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

    শনিবার সকাল থেকেই চড়া রোদ কলকাতার আকাশে। তবে রোদের দাপট থাকলেও সেই ভাবে গরম অনুভূত হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের পরে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

    আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার, আন্তর্জাতিক যোগ দিবসেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়বৃষ্টির জেরে বিভিন্ন জেলার তাপমাত্রাও কমে গিয়েছে প্রায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

    শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল, রবিবারও বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাংশে।

  • Link to this news (এই সময়)