মাছ ধরে ফেরার পথে জলে পড়ে নিখোঁজ মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম কৃষ্ণ দাস। তিনি কাকদ্বীপের বাসিন্দা। মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে আচমকা নদীতে পড়ে যান ওই মৎস্যজীবী।পাথরপ্রতিমার তিনমাথা নদীতে এই ঘটনা ঘটে। পাথরপ্রতিমা থানার পুলিশ রাতভর তল্লাশি চালায়।
তবে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকেও তল্লাশি চলছে। স্থানীয় সূত্রের খবর, কাকদ্বীপের এফবি সাবিত্রী নামে একটি ট্রলার ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর ফেরার পথেই ঘটে বিপত্তি। পাথরপ্রতিমায় ঢোকার মুখে তিনমাথা নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে ওই ট্রলারটি। অসাবধানতাবশত ওই মৎস্যজীবী নদীতে পড়ে যান। তিনি ট্রলারের মাথায় বসে ছিলেন।
ট্রলারের কর্মী ও তাঁর সঙ্গীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছন পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকার। তাঁর সঙ্গে ছিল উদ্ধারকারী দল। লঞ্চ ও ট্রলার নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু তার পরে প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও পর্যন্ত খোঁজ মেলেনি ওই মৎস্যজীবীর। পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বর্তমানে। ঘটনায় উদ্বেগে রয়েছেন ওই মৎস্যজীবীর পরিবারের সদস্য-সহ এলাকার বাসিন্দারা।