• জামাই সাজে ধামেশ্বর মহাপ্রভু, আশীর্বাদ করেন ভক্তরা!
    আজকাল | ২০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথীতে পালিত হয় বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। বাংলার ঘরে ঘরে এ দিন জামাইদের আদর আপ্যায়নের রীতি থাকলেও নদিয়ার নবদ্বীপে রয়েছে এক অনন্য ব্যতিক্রম।

    নবদ্বীপের মহাপ্রভুপাড়ার ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে এই দিন আরাধ্য দেবতা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকেই জামাই রূপে পুজো করা হয়। কয়েকশো বছরের পুরনো এই ঐতিহ্য আজও সমান ভক্তিভরে পালিত হয়ে আসছে। লোকবিশ্বাস অনুযায়ী, বিষ্ণুপ্রিয়াদেবীর বংশের জামাতা হিসেবে ধামেশ্বর মহাপ্রভুর বিশেষ মর্যাদা রয়েছে। তাই জামাই ষষ্ঠীর দিন ভোর থেকেই মন্দিরে শুরু হয় নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। নতুন ধুতি পাঞ্জাবি পরিয়ে, ফুলের মালা ও সুগন্ধিতে সাজিয়ে মহাপ্রভুকে জামাই হিসেবে বরণ করা হয়। এই বিশেষ আয়োজন দেখতে নবদ্বীপ ছাড়াও বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী মন্দিরে ভিড় জমান।

    মন্দিরের সেবাইত রূপ গোস্বামী জানান, বছরের অন্য সব দিন মহাপ্রভুকে ভগবান রূপে পূজা করা হলেও জামাই ষষ্ঠীর দিন তাঁকে পরিবারের জামাইয়ের মতোই আদর যত্ন করা হয়। তিনি বলেন, "সাধারণত ভক্তরা মহাপ্রভুর আশীর্বাদ নেন। তবে বছরের একমাত্র এই দিনেই ভক্তরা জামাই রূপে তাঁকে আশীর্বাদ করতে পারেন। এটাই এই উৎসবের বিশেষ তাৎপর্য। প্রতি বছরের মতো এ বছরও বহু ভক্ত মন্দিরে এসে বিশেষ পূজায় অংশ নেন।"

    নবদ্বীপের বাসিন্দা শিখা গোস্বামী জানান,  আমাদের কাছে মহাপ্রভু জামাইরাজা। তাই প্রতিবছর এই দিনে তালপাতার পাখা সহ নানা উপাচার নিয়ে তাঁর পূজায় অংশ নিতে আসি। মন্দির সূত্রে জানা গেছে, এদিন মহাপ্রভুর মধ্যাহ্নভোগে থাকে পঞ্চব্যঞ্জন, শাক, থোড়, মোচা, শুক্তো, বিভিন্ন তরকারি, ডাল, ভাজা, ছানার ধোঁকা, পনিরের ডালনা ও পোস্ত। বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয় আমের রস মিশিয়ে তৈরি ক্ষীর, সঙ্গে নবদ্বীপের বিখ্যাত দই। ভোজনের শেষে পরিবেশন করা হয় মশলা ও সাজা পান।

    জামাই ষষ্ঠীর এই বিশেষ আয়োজন নবদ্বীপবাসীর কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, শ্রীচৈতন্যদেবের সঙ্গে পারিবারিক সম্পর্কের এক আবেগঘন প্রকাশ। কয়েকশো বছরের ঐতিহ্য বহন করে আজও ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মহাসমারোহে পালিত হয় এই ব্যতিক্রমী জামাই ষষ্ঠী উৎসব।
  • Link to this news (আজকাল)