আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে যাতায়াতের জন্য পড়ুয়াদের জন্য বিশেষ ছাড় রয়েছে। স্কুল পড়ুয়ারা সহজেই পেতে পারে রেল কনসেশন বা পাসের সুবিধা। তবে অনেকেই এই পরিষেবার বিষয়ে খোঁজখবর রাখে না। আবার যারা জানে, তাদের বিরুদ্ধে ওঠে অপব্যবহারের অভিযোগও। এ বার এই বিষয়ে কড়া পদক্ষেপ করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সম্প্রতি এই মর্মে স্কুল শিক্ষা দপ্তর থেকে সকল স্কুল জেলা পরিদর্শককে একটি বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, সম্প্রতি পূর্ব রেলের তরফে স্কুলশিক্ষা দফতরকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে পড়ুয়ারা যাতে সব নিয়মবিধি মেনে এবং আইনি প্রক্রিয়ায় সরকারি স্টুডেন্ট কনসেশন বা বিশেষ ছাড়ের সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। ঘোষণা অনুযায়ী, অনেক সময়ই পড়ুয়ারা এ বিষয়ে সঠিক তথ্য পায় না। ফলে সাধারণ পড়ুয়ারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়। স্কুলগুলিকে বিকাশ ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রেলে এই ছাড়ের বিষয়ে পড়ুয়া এবং অভিভাবকদের অবগত করার জন্য সচেতনতামূলক প্রচার করা হবে।
তবে এই বিশেষ সুবিধার পাশাপাশি সতর্কবার্তাও জারি করেছে স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে—
১। প্রতি স্কুলের কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন পড়ুয়ারাই শুধুমাত্র বৈধ রেল টিকিট বা পাস ব্যবহার করে ট্রেনে যাতায়াত করে।
২। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে পড়ুয়াদের স্কুলের তরফে দেওয়া সঠিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্র যাতে গলায় ঝোলে তা নিশ্চিত করতে হবে। বৈধ রেল টিকিট যাতে কোনও রকম অপব্যবহার না হয়, সে জন্য স্কুলগুলিকে যথাযথ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্কুল শিক্ষা দফতরের নির্দেশ ইতিমধ্যেই স্কুল জেলা পরিদর্শকদের কাছে। শিক্ষা দফতরের এই বার্তা সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। ট্রেন যাত্রাকে নিরাপদ এবং পড়ুয়াদের সুবিধার্থেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দফতর। তাই পড়ুয়া ও অভিভাবকদের সচেতন করতে দ্রুত এই বিষয়ে সচেতনতামূলক প্রচার শুরু করা হবে জানা গিয়েছে।