আজকাল ওয়েবডেস্ক: সাহিত্য সম্রাটের ভিটেই হল ‘বন্দে যোগ’, বন্দেমাতরমের ১৫০ বছর উদযাপনে নৈহাটিতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এমনই এক অভিনব উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে।
নৈহাটির কাঁঠালপাড়ায় অবস্থিত সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে আয়োজিত হয় ‘বন্দে যোগ’ কর্মসূচি। যোগচর্চার মাধ্যমে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছরকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, প্রশাসনিক আধিকারিক, যোগপ্রেমী এবং সাধারণ মানুষ। বঙ্কিমচন্দ্রের জন্মভূমিতে একসঙ্গে যোগাভ্যাসের মাধ্যমে দেশপ্রেম, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। জেলা প্রশাসনের মতে, নতুন প্রজন্মের কাছে বঙ্কিমচন্দ্রের সাহিত্যকীর্তি ও ‘বন্দেমাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে যোগাভ্যাসের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। এদিনের অনুষ্ঠানে যোগ চর্চা করতে দেখা যায় এসডিও ব্যারাকপুর যাদব সূর্যভান অচ্ছেলালকেও।