আজকাল ওয়েবডেস্ক: দিঘায় মর্মান্তিক ঘটনা। সমুদ্র সৈকতে স্পিডবোটের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শেখ বাপন (৩০)। এই পর্যটকের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। অভিযোগ, সমুদ্রে স্নান করার সময় একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে যুবকটিকে ধাক্কা মারে। স্পিডবোট বোটের ধারালো ফ্যানের আঘাতে যুবকের শরীরের বিভিন্ন অংশ জখম হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক।
অভিযোগ, দুর্ঘটনার পর স্পিডবোটের চালক আহত যুবককে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা জখম যুবককে উদ্ধার করে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনায় দিঘা সমুদ্রসৈকতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পর্যটক ও স্থানীয়দের প্রশ্ন, কীভাবে পর্যটকদের স্নানের এলাকায় স্পিডবোট চলাচল করছে? সংশ্লিষ্ট বোটের প্রয়োজনীয় অনুমতি ছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত চালক ও স্পিডবোটের মালিকের খোঁজে তল্লাশি চলছে।