বৃষ্টির রেড অ্যালার্ট, রবিবার থেকে কোন কোন জেলায় ভারী, কোথায় অতিভারী বর্ষণ?
আজ তক | ২০ জুন ২০২৬
রাজ্যজুড়ে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী, এমনকি কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পাঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় পশ্চিমী বায়ুপ্রবাহের অক্ষরেখাটিও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি ১৮ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে জলপাইগুড়ির ভাটকাওয়া চা বাগানে। আলিপুরদুয়ারের বারোভীষা, ডিমা টি এস্টেট ও রায়ডাক চা বাগানে ১৫ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ের ঝালং এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী সাত দিন জুড়েই বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২০ জুন দুপুর থেকে ২২ জুন সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া-সহ প্রায় সমস্ত জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২২ জুন থেকে ২৩ জুনের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ জুন থেকে ২৪ জুনের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে, তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ফের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৬ জুন থেকে ২৭ জুনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কয়েকটি স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে প্রায় প্রতিদিনই কমবেশি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে আবহাওয়া আর্দ্র ও অস্থির থাকবে।