• দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৩টি নৌ-জাহাজ, যোগ দিবসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
  • পশ্চিমবঙ্গ সফরে এসে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি আরও একধাপ এগিয়ে দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কলকাতায় ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি অত্যাধুনিক নৌযান। সেগুলি হলো, আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়। এই তিন জাহাজ দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

    এদিকে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত এই তিন জাহাজের নকশা তৈরি করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। এই প্রকল্পে ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, যা ‘আত্মনির্ভর ভারত’-এর সাফল্যের বড় উদাহরণ বলে মনে করা হচ্ছে।

    ডুনাগিরি একটি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট। এটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র-সহ নানা উন্নত অস্ত্র ও সেন্সরে সজ্জিত। অন্যদিকে আইএনএস সংশোধক একটি বড় জরিপ সংক্রান্ত জাহাজ, যা সমুদ্রের গভীরতা, ভূ-প্রকৃতি ও সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আইএনএস অগ্রয় হল অগভীর সমুদ্রের জন্য তৈরি বিশেষ অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ। শত্রুপক্ষের ডুবোজাহাজ শনাক্ত এবং ধ্বংস করতে এতে রয়েছে টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং আধুনিক সোনার প্রযুক্তি।

    নৌবাহিনীর দাবি, এই তিনটি প্ল্যাটফর্ম একসঙ্গে গভীর সমুদ্রে অভিযান, সামুদ্রিক নজরদাবি এবং উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া জাহাজ নির্মাণে ২০০-র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা অংশ নেওয়ায় বিপুল কর্মসংস্থানও তৈরি হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই তিন যুদ্ধজাহাজের কমিশনিংকেই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কলকাতার মাটি থেকে দেশের নৌ-শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিতে চলেছে এই অনুষ্ঠান। আত্মনির্ভর ভারতের পথে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)