প্রধানমন্ত্রীর সফর ঘিরে যান নিয়ন্ত্রণ মহানগরীতে, জেনে নিন ট্রাফিক আপডেট
দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
রাজ্যজুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আর এই দিনেই শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কলকাতা শহরে পা রেখে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। রবিবারও পশ্চিমবঙ্গেই থাকবেন তিনি। আর এই দুদিনের সফরকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর কলকাতাকে। যান নিয়ন্ত্রণ করা হচ্ছে শহরে। দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী যাবেন তারকেশ্বরে। বিকেলে কলকাতায় ফিরে আসবেন। রবিবার এখানেই যোগ দিবস পালন করবেন। তারপর তা সেরে ফিরে যাবেন নয়াদিল্লিতে। তাই শনিবার বিকেল থেকেই শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
এদিকে রবিবার আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে রেড রোডে। ইতিমধ্যেই সেজে উঠেছে রেড রোড। এই রেড রোড সাতদিন বন্ধ রয়েছে নিরাপত্তার স্বার্থে। যোগ দিবসে প্রধানমন্ত্রী নিজে থাকবেন। এই কর্মসূচিকে ঘিরে শহরে আগে থেকেই যান চলাচলে কিছু বিধিনিষেধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের জন্য আরও কিছু নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সেই নিষেধাজ্ঞার করা জানানো হয়েছে। কয়েকটি রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। আর কয়েকটি রাস্তা দিয়ে মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরি পরিষেবায় যুক্ত যানবাহনকে ছাড় দেওয়া হবে।
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, শনিবার সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর একাধিক এলাকায় মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, দুধ, মাছের গাড়ির ক্ষেত্রে ছাড় থাকবে। বাকি গাড়ি ১১ ফারলং গেট থেকে কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দিকের গেটে ঘুরিয়ে দেওয়া হবে। রাত ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্তও মালবাহী গাড়ির জন্য এই নিয়ন্ত্রণ বহাল থাকবে। এমনকী অন্যান্য গাড়ির ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ যুক্ত হতে পারে। নিয়ন্ত্রণ করা হবে পার্কিংয়ের ক্ষেত্রেও।
তাছাড়া পুলিশের বিশাল বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। শনিবার রাতে লোকভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই গোটা মধ্য কলকাতায় নিশ্ছিদ্র নিরাপত্তা থেকে শুরু করে কড়া ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা দুদিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই রাস্তা দিয়ে কোনও গাড়ি চলাচল করতে পারবে না। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ট্রাফিক ব্যবস্থা নিয়ে এই নির্দেশিকা জারি করেছেন।