• পুশ ব্যাকের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে
    দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
  • বাংলাদেশি নাগরকিদের সীমান্তে ফেরত পাঠানো ঘটনাকে কেন্দ্র করে শনিবার মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু বাংলাদেশি নাগরিকের জমায়েতকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এলাকায় এখনও সতর্কতা বজায় রয়েছে।

    জানা গিয়েছে, সুখদেবপুর সীমান্তের প্রায় ১২০০ মিটার এলাকা এখনও কাঁটাতারবিহীন। প্রশাসনের তরফে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতা কাটিয়ে সেখানে সীমান্ত সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

    শনিবার ভোরে সীমান্ত এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয়দের একাংশের দাবি, সীমান্তের ওপারে কিছু মানুষ জড়ো হয়ে প্রতিবাদ দেখান। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য এলাকায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বিএসএফকে লক্ষ্য করে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। যদিও এ বিষয়ে সরকারি পর্যায়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

    উল্লেখ্য, অতীতেও সুখদেবপুর সীমান্ত এলাকায় সীমান্ত পারাপার এবং কৃষিজমি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে। শনিবারের ঘটনার পরও প্রশাসন ও বিএসএফ পরিস্থিতির উপর নজর রাখছে। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)