মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মোদিকে বারবার তোপ দেগেছে কংগ্রেস-সহ বিরোধীরা। তারা অভিযোগ করেছিল, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নীরব। কিন্তু জি৭ মঞ্চে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতেই ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে উষ্মা প্রকাশ করেন মোদি। শুক্রবার থারুর বলেন, “ট্রাম্পের সঙ্গে দেখা হতেই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। এই বার্তাটি দেওয়া জরুরি যে, যুদ্ধকালীন সময়ে বাণিজ্যিক জাহাজের নিরীহ নাবিকরা যেন লক্ষ্যবস্তু না হন। তাঁরা সৈনিক নন। এই বার্তাই দিয়েছেন মোদি।” থারুর আরও বলেন, “ভারতের পতাকাবাহী কিংবা অন্য দেশের পতাকাবাহী জাহাজে আমাদের নাবিকরা রয়েছেন। তাঁরা যদি আপনাদের অবরোধ লঙ্ঘন করে থাকেন, তাহলে অন্য কোনও পদক্ষেপ করুন। কিন্তু হত্যালীলা চালাবেন না।”
কংগ্রেস সাংসদের এই প্রশংসার পরই কংগ্রেসকে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি তাঁর ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, ‘শশী থারুর রাহুল গান্ধীকে বেআব্রু করে দিয়েছেন। কংগ্রেস নেতারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসা করছেন। ভারতের জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে মোদিই সবার আগে থাকেন। অন্যদিকে, ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে রাহুল সবাইকে ছাড়িয়ে যান।’