• মস্কোয় আবার রবীন্দ্রনাথ ম্যাজিক, বিশ্বভারতী থেকে রাশিয়া পাড়ি দিচ্ছে কবিগুরুর ৫১ দুর্লভ ছবি
    News18 বাংলা | ২০ জুন ২০২৬
  • লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। কবিগুরু নিজের হাতে গড়ে তুলেছিলেন এই শান্তিনিকেতন। আর কবিগুরু একসময় বলেছিলেন “…আপাতত রাশিয়ায় এসেছি। না এলে এ জন্মের তীর্থদর্শন অত্যন্ত অসমাপ্ত থাকত।” প্রসঙ্গত ১৯৩০ এর ১১ সেপ্টেম্বর ‘তীর্থ’, মস্কোয় পৌঁছেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরবর্তী সময়ে ১৯২৫ থেকে ১৯২৮ মোট পাঁচ বার সোভিয়েত ভ্রমণের আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। অবশেষে ১৯৩০ সালে সম্ভব হয়েছিল সেই ঐতিহাসিক সফর। বেশ কিছু দিন ছিলেন তিনি।

    সেখানে থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর মস্কো আর্ট থিয়েটারে নাটক দেখেছিলেন। দেখেছিলেন বলশয় থিয়েটারে বিখ্যাত ব্যালে। এর পাশাপাশি, হয়েছিল তাঁর নিজের হাতে আঁকা বেশ কিছু ছবির প্রদর্শনীও। এরপরে পেরিয়েছে বহুবছর। দীর্ঘ প্রায় ৯৬ বছর পরে সেই মস্কোতেই আবার হতে চলেছে বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনী। আর সেই প্রদর্শনীর জন্যই ইতিমধ্যেই বাছাই করা ছবিগুলি বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

    রং তুলির জগতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ শুরু প্রায় শেষ বয়সে। পাণ্ডুলিপির পাতায় নিরন্তর কাটাকুটি, আঁকিবুকির মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেটাই এক দিন হঠাৎ করেই ছবি হয়ে ওঠে। বিমূর্ত অবয়ব, নারীমুখ থেকে ঘুরে ফিরে এসেছে তাঁর ছবিতে। প্রথমত দেশের আগে বিদেশে হয়েছে সেই ছবির প্রদর্শনী। ভিক্টোরিয়া ওকাম্পোর উদ্যোগে ১৯৩০-ই প্যারিসে হয় রবীন্দ্রনাথের প্রথম প্রদর্শনী। এর পরেই মস্কোয়।

    মস্কোর সেই প্রদর্শনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকশো’টি ছবি স্থান পেয়েছিল। সেই সমস্ত ছবি বেছে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই।এরপর প্রায় ৯৬ বছর পরে আবারও মস্কোয় রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনী হতে চলেছে। জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে এই প্রদর্শনী শুরু হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এ বারে ৫১টি ছবি প্রদর্শিত হতে চলেছে। এগুলি বিশ্বভারতীর রবীন্দ্রভবনে সংগ্রহশালায় রাখা ছিল। এই বিষয়ে জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, ‘প্রায় ৯৬ বছর পরে আবারও রাশিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনীতে স্থান হতে চলছে। ছবিগুলি বিশ্বভারতী থেকে পাঠানো হয়েছে। যা আমাদের কাছে ও সকলের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের।”
  • Link to this news (News18 বাংলা)