নিচের মাটি সরে গিয়ে 'এই' ফেরিঘাটের অবস্থা কঙ্কালসার, যেকোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে নদীগর্ভে
News18 বাংলা | ২০ জুন ২০২৬
তিন নদীর মোহনায় ভাঙনের আতঙ্ক, হিঙ্গলগঞ্জে ফেরিঘাটে কংক্রিট বাঁধের দাবিতে সরব সুন্দরবাসী। উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর ওপর অবস্থিত দুলদুলি ফেরিঘাট সংলগ্ন এলাকায় নদীর বাঁধে ফের ধ্বস নামায় চরম উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফেরিঘাট এবং নদীবাঁধের অবস্থা এতটাই বিপজ্জনক যে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই রায়মঙ্গল নদীর ভাঙনের কবলে পড়ছে দুলদুলি ফেরিঘাট সংলগ্ন এলাকা। একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধানের পরিবর্তে অস্থায়ী মেরামতির কাজই হয়েছে। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের একই ছবি সামনে এসেছে। নদীর বাঁধ বারবার বসে যাচ্ছে, ধসে পড়ছে এবং বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ফেরিঘাটের নিচের মাটি প্রায় সম্পূর্ণ সরে গিয়েছে।
বর্তমানে ঘাটটি কার্যত কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, নদীর জোয়ার-ভাটার চাপে যেকোনও সময় বাঁধের সঙ্গে ফেরিঘাটটিও নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এতে শুধু যাতায়াত ব্যবস্থাই বিপর্যস্ত হবে না, বিপদের মুখে পড়বেন হাজার হাজার নিত্যযাত্রী। এলাকাবাসীর আরও অভিযোগ, আগের সরকারের আমলেও একাধিকবার কংক্রিট বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও সেই দাবি পূরণ হয়নি।
ফলে প্রতি বছরই বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের সময় নতুন করে ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় সুন্দরবনের মানুষকে। এখন রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের একবার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আবেদন, দুলদুলি ফেরিঘাট সংলগ্ন এলাকায় দ্রুত কংক্রিট বাঁধ নির্মাণ করে নদীভাঙন রোধের ব্যবস্থা করা হোক। কারণ, বাঁধ ভেঙে গেলে একদিকে যেমন বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে গুরুত্বপূর্ণ এই ফেরিঘাট।