• সিনেমাকে হার মানাচ্ছেন মুর্শিদাবাদের আশিক! ৩ চাকার টোটো চালাচ্ছেন দু'চাকায়, অবিশ্বাস্য স্টান্ট
    News18 বাংলা | ২০ জুন ২০২৬
  • : সাইকেল অথবা মোটর বাইকের স্টান্ট নয়, তিন চাকার টোটোগাড়িকে দু’চাকায় চালিয়ে বিশেষভাবে নজর কাড়ছেন এক যুবক। মোবাইলে দেখে শেখা ওই কসরতই তাকে দক্ষ টোটো চালকে পরিণত করেছে বলে মনে করেন তিনি। ফলে তার টোটো গাড়ির ভাড়াও হয় বেশী। টোটো চালানোর সময় মাঝে মধ্যে অল্প সংখ্যক যাত্রী থাকলেও তিনি ওই স্টান্ট করে যাত্রীদের চমক দিয়ে থাকেন।

    মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়া, গোধনপাড়া, রানিনগর, বিলচাতরা প্রভৃতি বাজার এলাকায় টোটো স্টান্ট নামেই পরিচিত আশিক। জানা গিয়েছে, রানিনগরের বিলচাতরা গ্রামের বাসিন্দা আশিক সেখ। শেখপাড়ার ফুটবল ময়দানে বা কখনও গোধনপাড়ার রূপায়ন ক্লাবের মাঠে তার টোটো গাড়ির পিছনের বামদিকের চাকাটি শূন্যে তুলে টোটো চালিয়ে মানুষকে অবাক করেন তিনি। যা দেখতে কয়েক’শ লোকের ভিড় হয়। বছর সাতাশের যুবক আশিক শেখ দিব্যি একজন যাত্রী নিয়ে টোটোগাড়ির স্টান্ট দেখাচ্ছিলেন। সাধারণত এমন সব দৃশ্য সার্কাস, বিশেষ ধরনের খেলা অথবা সিনেমায় দেখা যায়। কিন্তু সেই কাজ অনায়াসেই দেখাচ্ছিলেন টোটো চালক আশিক শেখ।

    পুরো বিষয়টি ঝুঁকিপূর্ণ জেনেও তিনি ওটা করেন। আশিক সেখ তিনি বলেন, “একটু আদটু ঝুঁকি না নিলে মানুষ দেখবে কেন? তাছাড়া দর্শক এবং যাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্যই করে থাকি।” কিন্তু এত ঝুঁকিপূর্ণ কাজ করারই বা দরকার কী? টোটো চালকের সটান উত্তর “জীবনটাই তো একটা ঝুঁকি। তাকে এগিয়ে নিতে গেলে বাড়তি ঝুঁকি তো একটু নিতেই হবে।”

    তার পরেই স্টান্ট যুবক জানান, “রানিনগর থানায় হাজারের বেশী মানুষ টোটো চালায়। কিন্তু ক’জন মানুষ তাদের নাম জানেন। অথচ প্রতিটা বাজারের টোটো যাত্রীরা আমার নাম জানেন ও চেনেন। সেটা তো কেবল এই স্টান্টের জন্যই। তাই ঝুঁকি নিয়েই ওসব করে থাকি। তাতে ভাড়াও যে বেশী পাই।”
  • Link to this news (News18 বাংলা)