• বিডিও-পুলিশের চেয়ারে বসেছেন মন্ত্রী? যা বললেন গৌরীশঙ্কর…
    এই সময় | ২১ জুন ২০২৬
  • অনগ্রসর শ্রেণি কল্যাণ, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ সাগরপাড়া পুলিশ থানার মধ্যে ওসি’র চেয়ার দখল করে বসে রয়েছেন— এমন একটি ছবি বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। এর পাশাপাশি ভগবানগোলা-১ ব্লকের বিডিও মনোজিৎ নস্করের চেম্বারে বিডিও-র চেয়ারে বসে থাকা মন্ত্রীর একটি ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে (ওই দুটো ছবির সত্যতা ‘এই সময়’ যাচাই করেনি)।

    ছবিগুলি সমাজমাধ্যমে হু-হু করে শেয়ার করার পাশাপাশি লাইক ও কমেন্টে ভরে গিয়েছে। যদিও ওই দুটি ছবি’র মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা। গত ১৬ জুন সাগরপাড়ায় অনুষ্ঠিত জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী। ওই শিবিরে যাওয়ার আগে সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাসের চেম্বারে গিয়ে বসেছিলেন। ওই ঘটনার পরে ১৭ জুন ভগবানগোলা-১ ব্লকে জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে বিডিও-র চেম্বারে গিয়ে বসেন মন্ত্রী।

    তিন-চার দিন আগের ওই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের আইটি সেল লিখেছে— ‘এই ছবিটাই সবকিছু স্পষ্ট করে দেয়। বিজেপি প্রশাসনকে দল-নিয়ন্ত্রিত যন্ত্রে পরিণত করেছে। পশ্চিমবঙ্গে শাসনব্যবস্থা কী ভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে কারও যদি কোনও প্রশ্ন থাকে, তা হলে এই ছবিই তার উত্তর।’ একই ভাবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফেও ওই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছে।

    এ প্রসঙ্গে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘ওসি বা বিডিও তাঁদের যে নিজস্ব চেয়ার, সেখানে তাঁরা বসে রয়েছেন। আমাকে অতিথির চেয়ার দেওয়া হয় বসার জন্য। আমি সেই অতিথির চেয়ারে বসেছি। কোন চেয়ারে বসতে হবে আর কোন চেয়ারে নয়, সে বোধ আমার রয়েছে।’ বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘হয়তো টেবিলের সামনা-সামনি বসার কারণে মানুষ ভুল বুঝছেন। আর বিরোধীরা ভুল বোঝাচ্ছে। কারণ তাঁদের বসার চেয়ার চলে গিয়েছে।’

    এ নিয়ে জিজ্ঞাসা করা হলে ভগবানগোলা-১ বিডিও মনোজিৎ নস্কর বলেন, ‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না।’ অন্য দিকে ফোন ধরেননি সাগরপাড়ার ওসি। মোবাইল বেজে গিয়েছে। হোয়াটস্যাপ মেসেজ করলেও তাঁর উত্তর দেননি।

  • Link to this news (এই সময়)