• মোদির মুখে ডবল ইঞ্জিন ধামাকা! বাংলায় এবার কী?
    আজকাল | ২১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপির প্রচারে বার বার উঠে এসেছে ডবল ইঞ্জিন সরকারের সুবিধার কথা। বাংলায় পালা বদল হয়েছে। ক্ষমতায় বিজেপি। এরপরই কেন্দ্রীয় একের পর এক সামাজিক প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হচ্ছে। 'অন্নপূর্ণা যোজনার' টাকা ইতিমধ্যেই মহিলাদের অ্য়াকাউন্টে ঢুকতে শুরু করেছে। মিলছে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের সুবিধাও। এসবকেই ডবল ইঞ্জিন সরকারের ধামাকা বলে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও একাধিক কেন্দ্রীয় সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া বাকি রয়েছে বঙ্গবাসীর। সেসবের সুবিধাও এ রাজ্যের মানুষ ক্রমশ পাবেন বলে জানিয়েছেন মোদি।

    কী বলেছেন মোদি?

    বাংলায় এই প্রথম ধুমধাম করে পালিত হল 'পশ্চিমবঙ্গ দিবস'। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে শনিবার রাজ্যে আসেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বরের সভামঞ্চে এদিন একেবারে অন্যরকম আবেগ আর উদ্দীপনার ছবি ধরা পড়ে। শনিবার দুপুরে দমদম বিমানবন্দরে নেমে কপ্টারে বিকেল ৪টের কিছু পরে তারকেশ্বরের সভাস্থলে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আরএন রবি। 

    ওই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, "ভোটের সময় আপনাদের আমি 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের গ্যারান্টি দিয়েছি। বাংলার প্রতিটি মানুষের 'আয়ুষ্মান ভারত' প্রকল্প এর সুবিধা পাওয়া শুরু হয়েছে। বাংলার মা বোনেদের 'অন্নপূর্ণা যোজনা'র টাকা দেওয়া শুরু হয়েছে। আরও সুবিধা পাবেন আপনারা। ডবল ইঞ্জিনে আস্থা রাখুন।" 

    বিজেপিরপ প্রতিশ্রুতি ছিল, বাংলার চাকরি পরীক্ষায় বয়সসীমায় ছাড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জানিয়েছেন, "চাকরিতে বয়সসীমা নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই কাজও চলছে। জল কল্যাণ শিবিরের মাধ্যমে সকল সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাংলার মানুষ।"

    এ দিনের অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় মোদি উপস্থিত জনতার কাছে জানতে চান, "পরিবর্তন ভালো লাগছে তো?" জবাবে করতালিতে ফেটে পড়ে সভা। তারপরই মোদি বলেন, "বাংলা নিজেদের নতুন ভবিষ্যতের নির্মাণে এগিয়ে যাচ্ছে। গ্রামে গ্রামে মানুষের এগিয়ে যাওয়ার খুশি দেখা যাচ্ছে। আমি সেই খুশির ভাগীদার হতে এসেছি। আপনার একটা ভোট, সেটা বাংলায় পরিষ্কার ভাবে নজরে আসছে।"

    মোদির দাবি, বাংলায় ডবল ইঞ্জিনের হাত ধরেই বিকাশের নতুন অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, "নতুন আর গৌরব শালী ইতিহাস রচনা হচ্ছে বাংলায়। বিকাশের নতুন অভিযান শুরু হয়েছে বাংলায়। প্রথম সিপিআইএম, পরে তৃণমূল, যেভাবে গর্ত বানিয়েছে সেটাকে ভরাট করার জন্য ডাবল ইঞ্জিন সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে। আজ এই মঞ্চ থেকে রেল কৃষি মাছ পালন নিয়ে ৮২০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হল। এই বিকাশের শুভেচ্ছা জানাই বাংলার মানুষকে।" 

     
  • Link to this news (আজকাল)