আজকাল ওয়েবডেস্ক: দ্রুত বিল্ডিং ফাঁকা করতে হবে। নয়তো কড়া আইনি পদক্ষেপ! কলকাতার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘকে এবার নোটিশ দিল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। বেঁধে দিল সময়সীমাও। দেওয়ালে একটি নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর কয়েক মাস আগেই বিপাকে পড়ল সুরুচি সঙ্ঘ।
প্রসঙ্গত, সুরুচি সঙ্ঘকে এর আগেও নোটিশ দিয়েছিল এলআইসি। সুরুচি সঙ্ঘকে বিল্ডিং খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আজ শনিবার আবারও নোটিশ জারি করল এলআইসি। নোটিশে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সঙ্ঘের বিল্ডিং ফাঁকা করে দিতে হবে। সূত্রের খবর, এমনটাই নোটিশ জারি করেছে এলআইসি।
যদিও ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি এবং জানায়নি এলআইসি দপ্তর। তবে সূত্রের খবর, ওই বিল্ডিং এলআইসির আওতাধীন বলেই জানা যাচ্ছে।
প্রতি বছর সুরুচি সঙ্ঘের পুজোর জাঁকজমক ছিল নজরকাড়া। এই ক্লাবের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাস এই ক্লাবের সচিব ছিলেন। যদিও বর্তমানে একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তিনি জেলবন্দি।
রাজ্যে ক্ষমতার পালাবদলের এক মাস পরেই সুরুচি সঙ্ঘের জমি ও বিল্ডিং নিয়ে বিতর্ক দানা বাঁধে। সূত্রের খবর, প্রতি বছর সুরুচি সঙ্ঘের দুর্গাপুজো যে জমিতে হয়, সেই জমিই আদতে এলআইসির। অভিযোগ, ওই ২১ কাঠা জমি জোরজবরদস্তি করে দখল করেই প্রতি বছর পুজো হত। এবার সেই জমি ও বিল্ডিং ফাঁকা করার নির্দেশ পাঠানো হয়েছে।