ইলেকট্রিক স্কুটিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ব্যারাকপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লী সিক্স লেন এলাকা।
স্থানীয় বাসিন্দা গৌতম দাস বাড়িতে থাকা ইলেকট্রিক স্কুটিতে চার্জ দিতে গেলে জমে থাকা জলের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বিপদে পড়তে দেখে তাঁকে উদ্ধার করতে ছুটে যান ছেলে প্রীতম দাস। তখনই বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনায় এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই যুবককে উদ্ধার করে ব্যারাকপুরের বি.এন. বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ওই এলাকায় বর্ষার জেরে জল জমে থাকার সমস্যায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জলনিকাশির সমস্যা রয়েছে। বৃষ্টির সময় জল জমে যাওয়ায় প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এই মর্মান্তিক ঘটনার পর জলনিকাশি ব্যবস্থার উন্নতির দাবিও উঠেছে এলাকায়। প্রসঙ্গত, জমা জলের সমস্যা যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় বিশেষজ্ঞরা বলছেন সাধারণ নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করতে। ইলেকট্রিক বা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে জল এড়িয়ে চলাই ভালো। তবে এদিনের ঘটনায় মনে করা হচ্ছে সাবধানতা বসতই, জমা জলের মধ্যে দাঁড়ানো স্কুটি টি চার্জ দিতে গিয়েই এই বিপত্তি ঘটে। আর বাবাকে বিপদে পড়তে দেখে ছেলে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লে অবশেষে তারই এই করুন পরিণতি হয়। গোটা ঘটনায় এখন এলাকায় শোকের ছায়া।