বড় সুখবর, পশ্চিমবঙ্গ দিবসেই বঙ্গে চালু নতুন ট্রেন! কোন, কোন স্টেশনকে জুড়বে নয়া রেল?
News18 বাংলা | ২১ জুন ২০২৬
পশ্চিমবঙ্গ দিবসের দিনেই একটি নতুন ট্রেনের উদ্বোধন হল বহরমপুর স্টেশনে। শনিবার বহরমপুর কোর্ট স্টেশনে ডি আর এম শিয়ালদহ রাজীব সেক্সেনা, বিধায়ক সুব্রত মৈত্র, জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বহরমপুর-আজিমগঞ্জ লাইনে এই মেমু ট্রেনের উদ্বোধন করা হয়। প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।
এই নতুন ট্রেন চালু হওয়ায় বহরমপুর-আজিমগঞ্জ যোগাযোগে যাত্রীরা আজিমগঞ্জ স্টেশন থেকে রামপুরহাট ও হাওড়ার ট্রেন ধরতে অত্যন্ত উপকৃত হবে বলে জানান বিধায়ক সুব্রত মৈত্র। সেইসঙ্গে বহরমপুরে ট্রেনের টিকিটের আরও একটি রিজারভেশন কাউন্টার করার দাবি জানান তিনি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ দিসব, এবং যোগ দিবস দুই উপলক্ষ্যে রাজ্যে ২ দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার পশ্চিমবঙ্গ দিসব উদযাপনে তারকেশ্বরে সভা করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর সফরের মূল আকর্ষণ হল প্রায় ৫৯০ কোটি টাকা মূল্যের একটি বিশাল রেল পরিকাঠামো সংস্কার প্রকল্প, যা মূলত এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে, গতিশীলতা বাড়াতে এবং জনকল্যাণকে ত্বরান্বিত করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই পরিকাঠামো বিন্যাসের একটি বড় ভিত্তিপ্রস্তর হিসেবে, প্রধানমন্ত্রী মোদি হাওড়ায় আনুমানিক ৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা একটি অত্যাধুনিক, ৩০০ শয্যা বিশিষ্ট নতুন বিভাগীয় রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এই আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উন্নত ডায়াগনস্টিক সেটআপ, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং স্পেশালিটি ক্লিনিকাল পরিষেবা সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত থাকবে, যা সরাসরি হাজার হাজার রেল কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারকে বিশ্বমানের স্বাস্থ্যসেবার সুযোগ এনে দেবে বলেই দাবি করা হচ্ছে।