• ফ্রিতে স্বাস্থ্য পরিষেবায় বড় চমক! শান্তিপুরে চালু রাজ্যের প্রথম ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • : নদিয়ার শান্তিপুরে রাজ্যের প্রথম ‘আরোগ্য মন্দির’ বা ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ এর উদ্বোধন সম্পন্ন হল। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় এক অভূতপূর্ব মাত্রা যোগ করে সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আরোগ্য মন্দিরে থাকছে অত্যাধুনিক স্বাস্থ্য পরিকাঠামো। আনুষ্ঠানিকভাবে এই আরোগ্য মন্দিরের দরজা গ্রামীণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। এর আগে এই স্বাস্থ্য কেন্দ্রটি একটি ভাড়া বাড়িতে চলত। এখন থেকে নিজস্ব সরকারি বিল্ডিংয়ে সাধারণ মানুষ সমস্ত ধরণের ভ্যাকসিনেশন ও চিকিৎসার সুযোগ পাবেন। পাশাপাশি এখানে কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার এবং অফিসের জন্য পৃথক সুব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস এই আরোগ্য মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    শুধুমাত্র উন্নত স্বাস্থ্য পরিষেবাই নয়, এই ভবনের সঙ্গে পরিবেশের সুরক্ষায় একটি অনন্য পরিকল্পনা যুক্ত করেছে প্রশাসন। শান্তিপুর ব্লকটি একটি সেমিক্রিটিক্যাল ব্লকের অন্তর্গত হওয়ায় এখানে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। এই সমস্যা মোকাবেলায় ভবনটির ছাদ ও অন্যান্য সব কয়টি আউটলেট পাইপের সঙ্গে যুক্ত করে একটি ‘রেন ওয়াটার হ্যার্ভেস্টিং ট্যাংক’ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বৃষ্টির সমস্ত জলকে পাইপের সাহায্যে ধরে রেখে সরাসরি ভূগর্ভের ১০০ মিটার নিচে পাঠানো যাবে এবং ওয়াটার রিচার্জ করা সম্ভব হবে। প্রশাসনের আশা, সরকারি এই পদক্ষেপ দেখে সাধারণ মানুষও জল সংরক্ষণে এগিয়ে আসবেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক স্বপন কুমার দাস জানান, প্রত্যন্ত গ্রামীণ এলাকার মা, শিশু ও বয়স্কদের প্রাথমিক চিকিৎসার প্রথম ভরসাস্থল হবে এই কেন্দ্রটি। তিনি একে এলাকার ‘লোকাল মন্দির’ হিসেবে বর্ণনা করেন। স্থানীয় এক ব্যক্তি এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য জমি দান করেছেন। এই সফল মডেলটিকে সামনে রেখে আগামী দিনে ব্লকের অন্যান্য প্রত্যন্ত এলাকাতেও এ ধরনের আরোগ্য মন্দির গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান শান্তিপুর ডেভেলপমেন্ট ব্লকের ইঞ্জিনিয়ার দেবজ্যোতি দে।
  • Link to this news (News18 বাংলা)