• পকেটে মাত্র ২০০০ টাকা, সঙ্গী সাধারণ সাইকেল! অদম্য জেদে ভারত ভ্রমণে হাওড়ার বাউড়িয়ার জিৎ
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • : পকেটে মাত্র ২০০০ টাকা, সঙ্গে একটি সাধারণ সাইকেল। এই সামান্য সম্বল নিয়েই সারা ভারত ভ্রমণের লক্ষ্য নিয়ে গত ৯ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন হাওড়ার বাউড়িয়া ভাসাপাড়ার ২৯ বছর বয়সি জিৎ মণ্ডল। পেশায় শ্রমিক হলেও স্বপ্নের পরিধি অনেক বড়। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই শুরু হয়েছে তাঁর দীর্ঘ সাইকেল অভিযান। এই অভিযানের মধ্য দিয়ে দেশবাসীকে বার্তা একটাই চলাফেরা প্রয়োজনীয় কাজে দূষণকারী যান ব্যবহার কমিয়ে সাইকেল ব্যবহার বাড়াতে হবে।

    এই দীর্ঘ অভিযানে যুবকের ভরসা একটি সাধারণ সাইকেল এবং রয়েছে প্রয়োজনীয় কিছু সামগ্রী। বিলাসবহুল কোনও সরঞ্জাম নয়, বরং সাহস, আত্মবিশ্বাস এবং মানুষের সহযোগিতাকেই ভরসা করে এগিয়ে চলেছেন তিনি। বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস ও মানুষের জীবনযাত্রাকে কাছ থেকে জানাই তাঁর এই যাত্রার অন্যতম উদ্দেশ্য।

    অভিযাত্রী জিৎ মণ্ডলের কথায়, “মাত্র ২০০০ টাকা নিয়ে আমি এই যাত্রা শুরু করেছি। উদ্দেশ্য সারা ভারত ঘুরে দেখা এবং বিভিন্ন রাজ্যের মানুষ ও সংস্কৃতিকে কাছ থেকে জানা। পথে অনেক কষ্ট আছে, কিন্তু সাহস হারালে চলবে না। যেখানে সুযোগ পাচ্ছি সেখানেই বিশ্রাম নিচ্ছি, আর শরীর সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোরও চেষ্টা করছি। আশা করি মানুষের আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে আমার এই স্বপ্ন সফল হবে।”

    দীর্ঘ এই সাইকেল অভিযানে শারীরিক সক্ষমতা বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছেন ওই যুবক। নিয়মিত খাবার গ্রহণ, পর্যাপ্ত জল পান, পর্যাপ্ত বিশ্রাম এবং কিছুদিন অন্তর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। সীমিত সামর্থ্য নিয়ে এমন সাহসী উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী। অর্থের সীমাবদ্ধতা যে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, হাওড়ার এই যুবকের অভিযান যেন সেই বার্তাই তুলে ধরছে। তাঁর এই পথচলা ইতিমধ্যেই অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

    ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে নেপাল হয়ে সিকিম ঘুরে কামাখ্যা মন্দির হয়ে গুজরাট রওনা দেবে। জিৎ জানায়, এই অভিযানে সাধারণ মানুষের সহযোগিতায় মূল ভরসা। কেউ আশ্রয় কেউ খাদ্য সামগ্রী এবং অর্থ দিয়ে সহযোগিতা করছেন। সেই ভরসাতেই অভিযান, ৯ জানুয়ারি ২০২৬ যাত্রা শুরু এখনও বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছে সে।
  • Link to this news (News18 বাংলা)