হাবরা থেকে বনগাঁ পর্যন্ত আরও চওড়া হবে যশোর রোড, মিলবে যানজট থেকে মুক্তি! বড় আশ্বাস শান্তনুর
News18 বাংলা | ২১ জুন ২০২৬
কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে হাবরা থেকে বনগাঁ অংশে যশোর রোড সম্প্রসারণের কাজ৷ এ দিন এমনই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷
শেষ পর্যন্ত বহুদিনের জট কাটিয়ে রাস্তা চওড়া করা গেলে যানজটমুক্ত হতে পারে হাবরা-বনগাঁ করিডর। উত্তর ২৪ পরগণার অন্যতম ব্যস্ত সড়ক যশোর রোডের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এমনই বড় উদ্যোগের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানান, হাবরা থেকে বনগাঁ পর্যন্ত যশোর রোড সম্প্রসারণের বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রগতি হতে পারে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান শান্তনু।
মন্ত্রী আরও বলেন, যশোর রোডে প্রতিদিন বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক, বাস ও অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার এই অংশ তুলনামূলকভাবে কম চওড়া হওয়ায় প্রায়শই তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী, প্রত্যেকেই নানাবিধ সমস্যার মুখে পড়েন। তাই যানজটের স্থায়ী সমাধানের জন্য রাস্তা সম্প্রসারণ অত্যন্ত জরুরি বলে তিনি স্বীকার করেন।
শান্তনু ঠাকুরের দাবি, কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের আওতায় যশোর রোড সম্প্রসারণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান। রাজ্য সরকারের তরফে ইতিবাচক মনোভাব পাওয়া গিয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে প্রকল্পটির কাজ শুরু হওয়ার বিষয়ে আশাবাদী তিনি।
এই খবর প্রকাশ্যে আসতেই খুশি বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, যশোর রোড চওড়া হলে হাবরা, অশোকনগর, গাইঘাটা ও বনগাঁ এলাকার লক্ষাধিক মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি পণ্য পরিবহণে গতি আসবে, কমবে যাত্রার সময় এবং দীর্ঘদিনের যানজট সমস্যারও উল্লেখযোগ্য সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে। ফলে যশোর রোড সম্প্রসারণের এই প্রকল্প ঘিরে ইতিমধ্যেই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।