‘বোট থেকে নামার সময়ই...’ দিঘায় স্পিড বোটের ধাক্কায় কীভাবে মৃত্যু হল যুবকের? জানালেন বন্ধু
News18 বাংলা | ২১ জুন ২০২৬
শনিবার ছুটির দিন। দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস ধরা পড়ছিল বারবার। কিন্তু সেই আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই ঘটল ব্যাঘাত। উপচে পড়া পর্যটকের ভিড়ের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। দিঘায় সমুদ্রের মজা নিতে এসে মৃত্যু হল এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরবেলা। জানা যায়, বোট থেকে নামতে গিয়েই দুর্ঘটনা ঘটে। থেকে বোট কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম শেখ বাপন (২৮)। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। শনিবার সকালে বাসে করে বাপন ও তার চার বন্ধু মিলে দিঘা এসেছিল। পুরনো দিঘার একটি হোটেলে উঠেছিল তারা। এদিন দুপুরে চার বন্ধু মিলে সমুদ্রে বোটিং করতে নামে। সি হক ঘোলা ঘাট থেকে একটি ব্যানানা বোটে চড়ে তারা।
এরপর বোটিং শেষে পাড়ে ফিরে আসার সময় বোট থেকে নামতে গেলে পেছন থেকে একটি স্পিডবোট এসে ধাক্কা মারে বাপনকে। ঘটনায় গুরুতরভাবে জখম হন বাপন। এরপর সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ওই পর্যটকের এক সঙ্গী ওয়াসিম হাসান মণ্ডল জানান, “আমরা এদিন সকালেই চারজন দিঘায় এসেছিলাম। ওল্ড দিঘার সি-হক গোলা ঘাটে ব্যানানা বোটে চড়ে সমুদ্রে মজা করে সৈকতে ফিরে আসি। ব্যানানা বোট থেকে নামার সময়ই একটা স্পিড বোটে এসে বাপনকে ধাক্কা মারে। সৈকতেই লুটিয়ে বাপন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দিঘার এই সৈকতে বোট চললেও কোনও নজরদারি নেই। যার ফলেই আজকের এই দুর্ঘটনা।”
এই ঘটনার খবর পরিবারে পৌঁছানো মাত্রই ব্যাপক শোকের ছায়া নেমে আসে। এদিকে দিঘায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। দিঘা সমুদ্রে চলা একাধিক বোটিংয়ের পর্যাপ্ত কোনও অনুমতি নেই। এর আগেও একাধিকবার বোটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে পর্যটকদের। ফের দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকের মৃত্যুতে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ওই বোটিং কর্তৃপক্ষকে বোট চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।