শুনানিতে ডাক না পেয়ে নথি জমা দিতে ডিএম অফিসে ভিড় ডিলিট ভোটারদের
দৈনিক স্টেটসম্যান | ২১ জুন ২০২৬
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করেছিলেন অনেকেই। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও শুনানির কোনও ডাক না মেলায় ফের নথিপত্র হাতে মুর্শিদাবাদের বহরমপুরে জেলাশাসকের দপ্তরে হাজির হলেন প্রায় হাজার খানেক ডিলিট ভোটার। দ্রুত তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এসআইআরের পরে মুর্শিদাবাদ জেলায় প্রায় ৪ লক্ষ ৫৫ হাজারের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করলেও এখনও পর্যন্ত শুনানির নোটিস পাননি। ফলে নতুন করে আবেদন ও নথি জমা দেওয়ার উদ্দেশে তাঁরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। তবুও যাঁরা নথিপত্র জমা দিতে আসছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হচ্ছে।
কান্দি এলাকার বাসিন্দা সাবির শেখ জানান, তিনি আগেই অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘদিনেও কোনও সাড়া না পাওয়ায় ফের নথি জমা দিতে এসেছেন। একইভাবে রেজিনগরের বাসিন্দা কনেজা বিবির অভিযোগ, নামের বানানগত ভুলের কারণে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
তিনি জানান, ভোটার তালিকায় নাম না থাকলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। এদিন জেলাশাসকের দপ্তরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বহু মানুষ তাঁদের নথিপত্র জমা দেন। দ্রুত সমস্যার সমাধান করে ভোটার তালিকায় নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা। প্রশাসন অবশ্য জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।