• ডাকাত দলে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান! বনগাঁয় আদালতের পথে চলল ডিম থেরাপি
    দৈনিক স্টেটসম্যান | ২১ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর গ্রেপ্তার হয়েছেন একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী। এমনকী প্রাক্তন মন্ত্রীরাও গিয়েছে শ্রীঘরে। সেখানে অভিযোগ ছিল তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসা, দুর্নীতি, জবরদখল-সহ নানা বিষয়। এবার সামনে এল এক আলোড়ন ফেলা খবর। ডাকাতের দলে নাকি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধান! শুনতে অবাক লাগলেও পুলিশ এমনই মনে করছে। আর তার ফলে বনগাঁ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এই খবর চাউর হতেই গ্রেপ্তার হওয়া সদস্যদের উপর চলল দেদার ডিম থেরাপি।

    এদিকে এই ডাকাতরা নাকি দিনের বেলায় ‘সমাজসেবা’ করত। আর রাতে ডাকাতি করত! এভাবেই নাকি দিব্যি চলছিল তাদের কার্যকলাপ। মানুষ বুঝতেও পারছিলেন না এই ডাকাতির নেপথ্যে কারা কাজ করছে। আবার থানায় অভিয়োগ জানালেও পুলিশ কিনারা করতে পারছিল না। কিন্তু এই কীর্তিকলাপের শেষরক্ষা হলো না। উত্তর ২৪ পরগনার বনগাঁয় ডাকাতি করার আগে পুলিশের হাতে বমাল ধরা পড়ল দলের পাঁচ সদস্য। পরে গ্রেপ্তার হয় আরও একজন ডাকাত সদস্য।

    অন্যদিকে এই ডাকাত দলে নাকি রয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় প্রভাবশালী নেতা এবং পঞ্চায়েতের উপপ্রধান! বাকিরা জোড়াফুলের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয় বাসিন্দারা এদেরকে চেনে। এই পাঁচজনকে জেরা করে গ্রেপ্তার করা হয় পঞ্চায়েতের আরও এক তৃণমূল নেতাকে। শনিবার ধৃতদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার সময় দেদার ‘ডিম থেরাপি’ দিল উত্তেজিত জনতা। ছোড়া হয় ইট ও কাদা বলে সূত্রের খবর।

    তাছাড়া ডাকাতির জন্য কয়েকজন জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। মাঝরাতে বনগাঁ মহকুমার গোপালনগরের সারদাপল্লী এলাকায় অভিযান চালায় স্থানীয় থানার পুলিশ। পুলিশের হাতে বমাল ধরা পড়তেই বড় সাফল্য আসে। গোটা ডাকাত দল এখন পুলিশের হাতে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পাঁচজনকে থানায় নিয়ে এসে চলে দফায় দফায় জেরা। সেখানেই যে তথ্য পুলিশের হাতে আসে তাতে তাঁদের চক্ষু চড়কগাছ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আলিম তরফদার, নুরউদ্দিন মণ্ডল ওরফে কালু, জসিমুদ্দিম মণ্ডল, রবি দাস এবং রাহুল মণ্ডল। আলিম তরফদার গঙ্গানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান। ধৃত ডাকাত দলকে জেরা করে শনিবার সকালে হায়দার মোল্লা নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি। তাদের ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ছুঁড়তে থাকে ডিম, ইট ও কাদা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)